সীমান্তে মৃত বাবরের লাশ দাফন ভারতে
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তাড়ায় পানিতে ডুবে মারা যাওয়া বাবর আলীর লাশ ভারতেই দাফন করা হবে।
মঙ্গলবার রাজশাহী ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গত ১০ ডিসেম্বর ভারত থেকে ফেরার সময় রাজশাহীর চাঘাটের ইউসুফপুর সীমান্তে মারা যান বাবর আলী। তার বাড়ি নাটোরের লালপুর উপজেলায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাবরের লাশ আনার খরচ তার পরিবার বহন করবে মর্মে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়।
কিন্তু এতে তার পরিবার অসস্মতি জানালে ভারতেই বাবরের লাশ দাফনের সিদ্ধান্ত নেয়া হয়।
এ ব্যাপারে নাটোর পুলিশ সুপারের মাধ্যমে বাবরের পরিবারকে একটি চিঠি দেয়া হয়। অনুযায়ী তার বড় ভাই লাশ ফেরত না আনার জন্য সম্মতিপত্রে স্বাক্ষর করেন।
বিজিবি কর্মকর্তা জানান, প্রায় তিনমাস আগে বাবর আলী, তাার ভাই আনছার আলীর ছেলে তৌহিদ, সাবের আলীর ছেলে হায়দার, প্রতিবেশী হামজের আলীর ছেলে জাইদুল ও শুকুর খাঁর ছেলে ফজল চোরাই পথে ভারত যান। সেখানে তারা খেজুর গাছ থেকে রস সংগ্রহ ও গুড় তৈরির কাজ করতেন।
১০ ডিসেম্বর ইঞ্জিনচালিত নৌকায় বাড়ি পথে বিএসএফ’র তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দেন। অন্যরা ফিরে এলেও পানিতে ডুবে বাবরের মৃত্যু হয়।
