২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রাকৃতিক সম্পদ ব্যবহার হবে মানুষের কল্যাণে’

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আবু নাছের মঞ্জু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 07:46 AM

Updated : 23 Aug 2022, 10:01 AM

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশ ও মানুষের উন্নয়ন ও কল্যাণের নীতি নিয়ে এগিয়ে যাচ্ছে তার সরকার।

মঙ্গলবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে শাহজাদপুর-সুন্দলপুর গ্যাস ক্ষেত্র উদ্বোধন করে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ সরকার এবার ক্ষমতায় আসার পর গ্যাসের উৎপাদন বাড়ানো হয়েছে। নতুন নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের কাজ চলছে। মানুষের চাহিদার কথা বিবেচনা করে প্রাকৃতিক সম্পদের ব্যবহারের দিকে নজর দিচ্ছে সরকার। এজন্য তেল-গ্যাস অনুসন্ধানকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে শক্তিশালী করা হয়েছে। এ প্রতিষ্ঠানকে আগামী দিনে আরো শক্তিশালী করা হবে।”

গ্যাসের অপচয় রোধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গ্যাস ক্ষেত্র থেকে স্থানীয় লোকজন যাতে গৃহস্থালি ও শিল্পকারখানায় গ্যাস ব্যবহার করতে পারে সেদিকে নজর দেয়া হবে।

“বিগত দিনে বিএনপি সরকার এই গ্যাস বিক্রি করে দেয়ার চেষ্টা করেছিল। আওয়ামী লীগ তখন তার বিরোধিতা করে বলেছিল, দেশের মানুষের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত মজুদ রেখে এ ব্যাপারে চিন্তা করা হবে। এখন আওয়ামী লীগের কথাই সত্য হয়েছে। আওয়ামী লীগ দেশের প্রকৃতিক সম্পদ দেশ ও মানুষের কল্যাণে ব্যবহারের নীতিতে বিশ্বাসী,” বলেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে কোম্পানীগঞ্জ সরকারি মজিদ কলেজ মাঠে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগের নেতারা তাকে স্বাগত জানান।

কলেজ মাঠ থেকে প্রধানমন্ত্রী গাড়িতে চড়ে পাশের সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর-সুন্দলপুর গ্যাস ক্ষেত্র উদ্বোধন করতে যান।

উদ্বোধন শেষে শেখ হাসিনা বিশ্রাম নিতে নোয়াখালী সার্কিট হাউজে চলে যান। সেখানে মধ্যাহ্নভোজ শেষে প্রধানমন্ত্রীর শহরের মাইজদী হাউজিং এস্টেট মাঠে জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে।

জনসভাস্থল থেকেই বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।

এসব প্রকল্পের মধ্যে কবিরহাট ও সোনাইমুড়ী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, নোয়াখালী মেডিকেল কলেজের একাডেমিক ভবন ও সোনাইমুড়ী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন রয়েছে।

এছাড়া মুছাপুর ক্লোজার নির্মাণ কাজ এবং নোয়াখালী পৌরসভার নতুন ভবন, সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, চাটখিল উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

মহাজোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নোয়াখালীতে এটিই শেখ হাসিনার প্রথম সফর। এর আগে ২০০০ সালের ২৩ জানুয়ারি সর্বশেষ নোয়াখালী সফর করেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলার সর্বত্র উৎসবের আমেজ লক্ষ্ করা যায়। দলীয় সভানেত্রীকে স্বাগত জানাতে জেলার নেতাকর্মীরা বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নোয়াখালীকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা ও নোয়াখালী খাল পুনঃখননসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের দাবি রয়েছে স্থানীয়দের।

সফরে প্রধানমন্ত্রীর কাছ থেকে নোয়াখালীর জনগণের জন্য সন্তোষজনক কোনো ঘোষণা আসতে পারে বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ১২ দফা দাবি তুলে ধরা হয়েছে।

রোববার আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংসদ একরামুল করিম চৌধুরী এক সংবাদ সম্মেলননে এসব দাবি তুলে ধরেন।

এসব দাবির মধ্যে রয়েছে- নোয়াখালী সরকারি কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, ক্যাডেট কলেজ স্থাপন, নোয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা, চৌমুহনী-সোনাপুর রেল লাইনের পাশে নতুন বিকল্প সড়ক নির্মাণ, সোনাপুর থেকে চেয়ারম্যানঘাট পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ, চৌমুহনীতে ফ্লাইওভার নির্মাণ, সোনাপুর-জোরালগঞ্জ সড়ক পাকা, সন্ধীপ-কোম্পানীগঞ্জ ক্রসডেম নির্মাণ, নোয়খালী খাল পুনঃখনন, হাতিয়া-নিঝুম দ্বীপ ক্রসডেম ও নোয়াখালী জেলা শহরে চান্দিনি ভিটি স্থায়ী বন্দোবস্ত প্রদান ও মূল্য পুনঃনির্ধারণ।