বলাকায় ঢুকতে পারেননি বিমান কর্তারা
একটি শ্রমিক সংগঠনের আন্দোলনের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় কার্যত অচল হয়ে পড়েছে।
সভাপতির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারসহ কয়েকটি দাবিতে বিমান শ্রমিক লীগ নামের এই সংগঠনের ডাকে সোমবার সকাল ৯টায় বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনের সামনে অবস্থান ধার্মঘট শুরু করে শ্রমিকরা।
বিমানের কর্মকর্তারা কার্যালয়ে ঢুকতে গিয়ে তাদের বাধার মুখে পড়েন। প্রধান ফটক থেকেই ফিরে যান তারা।
আগের দিন একই দাবিতে বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্যাপ্টেন মোসাদ্দেক আহমেদকে বলাকা ভবনে ১১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে শ্রমিক লীগের কর্মীরা। রাত ২টার দিকে পুলিশের হস্তক্ষেপে মুক্ত হন এমডি মোসাদ্দেক।
বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমানের বিরুদ্ধে বিমান কর্তৃপক্ষের আনা অভিযোগ প্রত্যাহার, আহার ভাতা ও ইউনিফর্ম, ভারত থেকে আনা বিমানের সেটআপ বাস্তবায়ন, কর্মচারীদের ব্যক্তিগত টিপি বাস্তবায়ন, একশ ভাগ চিকিৎসা ভাতা দেয়া এবং ৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করা কর্মচারীদের স্থায়ী করার দাবিতে রোববার এমডির সঙ্গে বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় সোমবার শুরু হয় তাদের অবস্থান ধর্মঘট।
মশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন ধরে ছয় দফা দাবিতে আমরা আন্দোলন করে আসছিলাম। তার পরিপ্রেক্ষিতে বিমানমন্ত্রী গত মার্চে আমাদের চারটি দাবি মেনে নেয়ার নির্দেশ দেন। কিন্তু তারা কোনো দাবি পূরণ না করে উল্টো আমার বিরুদ্ধে বিভাগীয় মামলা ও কারণ দর্শানোর নোটিশ দেয়।”
এই শ্রমিক নেতা বলেন, দাবিগুলো নিয়ে তারা রোববার এমডির সঙ্গে আলোচনায় বসেন। কিন্তু এক পর্যায়ে মোসাদ্দেক আহমেদ জানিয়ে দেন, এসব দাবি মানতে তিনি অপারগ।
“তাই দাবি পূরণে আজ আমরা অবস্থান কর্মসূচি পালন করছি”, বলেন মশিকুর।
বিকাল ৫টার মধ্যে দাবি পূরণ না হলে মঙ্গলবার সকাল ৬টা থেকে লাগাতার ধর্মঘটে যাওয়ার ঘোষণা দেন তিনি।
সংশ্লিষ্টরা বলছেন, শ্রমিকরা ধর্মঘটে গেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম অচল হয়ে যাবে। আর সেক্ষেত্রে দেশের প্রধান বিমানবন্দরে উদোজাহাজ ওঠানামা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
গত বছর মার্চে বিমান কর্মীদের একটি সংগঠন চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। মানববন্ধন, সমাবেশ, অবস্থান কর্মসূচির পর এক পর্যায়ে তারা সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয়। পরে বেসামরিক বিমান চলাচল মন্ত্রী দাবি পূরণের আশ্বাস দিলে ধর্মঘট স্থগিত করা হয়।
বিমান শ্রমিক লীগের নেতাকর্মীরা জানান, বিভিন্ন সময়ে শ্রমিক লীগের দাবির বিষয়ে প্রতিশ্রুতি দেয়া হলেও এসব বাস্তবায়নে বিমান কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
