পার্বতীপুরে দুর্ঘটনায় শিক্ষিকা-ছাত্রসহ আহত ১৩
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় নছিমন উল্টে স্কুল শিক্ষিকা ও ছাত্রসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় নছিমন উল্টে স্কুল শিক্ষিকা ও ছাত্রসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
শনিবার সৈয়দপুর-পার্বতীপুর সড়কের বেলাইচণ্ডি এলাকায় এ দুর্ঘটনায় আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পার্বতীপুর মডেল থানার ওসি শওকত আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পার্বতীপুরের বেলাইচন্ডি দাখিল মাদ্রাসা সুপার মজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার দিকে বদরগঞ্জ থেকে সৈয়দপুরগামী একটি মালবাহী পিকআপ ভ্যানের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি নছিমনকে ধাক্কা দেয়।
এতে নছিমনটি সড়কের পাশে খাদে পড়ে যায়। আহতরা সবাই নছিমনের যাত্রী বলে মাদ্রাসা সুপার জানান।
তিনি বলেন, আহতদের মধ্যে রয়েছেন তার প্রতিষ্ঠানের গোলাপ শাহ (১১), কাওসার আলী (১১) ও জাবেদ আলী (১০)।
এছাড়াও রয়েছেন নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লাকী চৌধুরী (২৭), যাত্রী বিকাশ চন্দ্র (১৫), ভুট্টু (৪৫), তার স্ত্রী শাহানাজ (৩০), মালেকা (৩৫) এবং মালেকার মেয়ে (৭)।
