বুঝেও বিরোধিতা: দীপু মনি
জ্বালানি তেলের দাম বাড়ানোর পক্ষে যুক্তি দেখিয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, বিরোধী দল সব ‘বুঝেও’ জনগণকে বিভ্রান্ত করতে হরতাল ডেকেছে।
জ্বালানি তেলের দাম বাড়ানোর পক্ষে যুক্তি দেখিয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, বিরোধী দল সব ‘বুঝেও’ জনগণকে বিভ্রান্ত করতে হরতাল ডেকেছে।
শনিবার নিজের নির্বাচনী এলাকা চাঁদপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
বর্তমান সরকার পঞ্চম দফায় বৃহস্পতিবার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বাড়ানোর ঘোষণা দিলে তার প্রতিবাদে রোববার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেন, “আমরা যে দামে জ্বালানি তেল কিনি, তার চেয়ে কম দামে বিক্রি করি। তারাও (বিরোধী দল) বোঝেন, এর দাম বাড়ানোর প্রয়োজন। তারপরও তারা জনগণকে বিভ্রান্ত করার জন্য কর্মসূচি দিয়েছেন।”
অন্য দেশের সঙ্গে তুলনা করে তিনি বলেন, “বিরোধী দল জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কথা বলছে, যার দাম এখনো আশপাশ বা পার্শ্ববর্র্তী দেশের তুলনায় অনেক কম।”
সরকারের চার বছরপূর্তির দিন হরতাল আহ্বানের সমালোচনা করে দীপু মনি বলেন, “তারা হরতালের নামে যে নৈরাজ্য সৃষ্টি করছে, তা জনগণ প্রত্যাখ্যান করেছে। যখন দেশ এগিয়ে যাচ্ছে, তখন এ হরতালের কোনো মানে হয় না।”
দীপু মনি চাঁদপুর সার্কিট হাউসে চরমেশা জেলে পল্লীর সদস্য ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের কম্বল বিতরণ করেন।
