২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিএনপির দুই গুণ, দুর্নীতি আর খুন’

আগামী নির্বাচনে আওয়ামী লীগকেই পুনরায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2013, 11:56 AM

Updated : 23 Aug 2022, 10:00 AM

আগামী নির্বাচনে আওয়ামী লীগকেই পুনরায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপিকে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে এক জনসভায় তিনি বলেছেন, “বিএনপির দুই গুণ, দুর্নীতি আর মানুষ খুন।”

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের কথা স্মরণ করিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “বিএনপি ও চারদলীয় জোটকে আর ক্ষমতায় আনবেন না। আনলে দেশে জঙ্গিবাদ, বোমা হামলা ও সন্ত্রাসের রাজত্ব কায়েম হবে।”

‘সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাম্প্রতিক এক মন্তব্যের জবাবে তিনি বলেন, “আপনি ঠিকই বলেছেন, তবে সেটা আওয়ামী লীগ নয় বিএনপি।

“কারণ আপনি সাপ মাথায় নিয়ে খেলছেন। নিজামী-গোলাম আযমকে রক্ষা করার চেষ্টা করছেন।”

জেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন দলের জেলা সভাপতি সংসদ সদস্য মতিউর রহমান।

এর আগে সকাল পৌনে ১১টায় কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছে বঙ্গবন্ধু স্মৃতি ভাস্কর্য চত্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এরপর তিনি বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তি উৎসবের উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষে বেলা সোয়া একটায় প্রধানমন্ত্রী ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন ভবন এবং বেলা দেড়টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সম্প্রসারিত ৫শ’ শয্যার নতুন ভবন উদ্বোধন করেন।

শেখ হাসিনাকে স্বাগত জানাতে ময়মনসিংহের প্রবেশ পথ ভালুকা থেকে ময়মনসিংহ পর্যন্ত কয়েকশ তোরণ নির্মাণ করা হয়। শহরের প্রধান প্রধান সড়কে দেখা যায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ডিজিটাল ব্যানার।