২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লাইওভার দুর্ঘটনায় অনুদান পেল নিহতদের পরিবার

চট্টগ্রামের বহদ্দারহাটে ফ্লাইওভারের গার্ডার ধসের ঘটনায় নিহতদের মধ্যে আট জনের পরিবারকে চার লাখ টাকা করে আর্থিক অনুদান দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন র্কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2013, 08:20 AM

Updated : 23 Aug 2022, 10:00 AM

চট্টগ্রামের বহদ্দারহাটে ফ্লাইওভারের গার্ডার ধসের ঘটনায় নিহতদের মধ্যে আট জনের পরিবারকে চার লাখ টাকা করে আর্থিক অনুদান দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন র্কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) সম্মেলনকক্ষে তাদের হাতে চেক তুলে দেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম।

গত বছরের ২৪ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর নির্মাণাধীন বহদ্দারহাট ফ্লাইওভারের শাহ আমানত সেতু সংযোগ সড়কের বহদ্দার বাড়ি অংশের ১২ ও ১৩ নম্বর পিলারের মধ্যবর্তী তিনটি গার্ডার ভেঙে পড়ে ১২ জন নিহত হয়।

এদিকে, সিডিএ র্কর্তৃপক্ষ নিহত ১২ জনের মধ্যে নয় জনকে আর্থিক অনুদানের জন্য মনোনীত করলেও দাবিদার না থাকায় বাকি তিনজনের পরিবারকে অনুদান দেয়ায় তালিকায় রাখা হয়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন সিডিএ চেয়ারম্যান ছালাম।

তিনি বলেন, যদি কেউ দাবি করে তাহলে তাদেরকেও ক্ষতিপূরণ দেয়া হবে।

সিডিএর মনোনীত নয় জনের মধ্যে বৃহস্পতিবার উপস্থিত ছিল আটজন।

নিহতদের পরিবারকে সিডিএ-র পক্ষ থেকে দুই লাখ টাকা এবং ঠিকাদারী প্রতিষ্ঠান মীর আক্তার পারিজার পক্ষ থেকে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকার চেক দেয়া হয়।

অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান এ দুর্ঘটনার জন্য ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চান।

তিনি তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ওয়েল গ্রুপে নিহতদের পরিবারের একজন করে সদস্যকে চাকরি দেয়ার আশ্বাস দেন।

এছাড়া, সিডিএতে নিয়োগ প্রক্রিয়ার সময় নিহতদের পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেয়া হবে বলেও তিনি জানান।

দুর্ঘটনায় যারা পঙ্গু হয়েছে তাদের এক লাখ টাকা করে এবং যারা আহত হয়েছে তাদের ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেয়ারও ঘোষণা দেন সিডিএ চেয়ারম্যান ছালাম।

সিডিএ সচিব তাহেরা ফেরদৌসের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার শহীদুর রহমান, সিডিএ-এর বোর্ড সদস্য মফিজুর রহমান, ইউনুস গণি চৌধূরী ও প্রধান প্রকৌশলী নাসির উদ্দিন মাহমুদ।