চট্টগ্রাম ফ্লাইওভারের বাকি কাজ সেনা তত্ত্বাবধানে
সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা ফ্লাইওভারের নির্মাণকাজ ঘুরে দেখেছেন, নথিপত্রও চেয়েছেন সিডিএ’র কাছে।
বহদ্দারহাটে সিডিএ’র নির্মাণাধীন ফ্লাইওভারের বাকি কাজ সেনাবাহিনীর তত্ত্বাবধানে হবে, যার গার্ডার ধসে গত মাসে ১৩ জন নিহত হয়েছিল।
এই ফ্লাইওভারের নির্মাণ কাজে সেনাবাহিনীর তত্ত্বাবধানের অনুমতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ইতোমধ্যে দিয়েছে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা বৃহস্পতিবার ফ্লাইওভারস্থলও পরিদর্শন করেছেন।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উচ্চপর্যায়ের সিদ্ধান্তে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা ফ্লাইওভারের বাকি নির্মাণ কাজ তত্ত্বাবধান (ম্যানেজম্যান্ট অ্যান্ড সুপারভিশন) করবেন।
ফ্লাইওভার সম্পর্কিত বিভিন্ন কাগজপত্রও সেনাবাহিনী সিডিএ’র কাছ থেকে চেয়েছে বলে জানান তিনি।
নাসির উদ্দিন বলেন, কাগজপত্র নেয়ার পর সেনাবাহিনীর সঙ্গে সিডিএ’র একটি সমঝোতা স্মারক সই হবে।
গত ২৩ ডিসেম্বর সিডিএ’র আবেদনে সেনাবাহিনীকে ফ্লাইওভার নির্মাণ কাজের তদারকির অনুমতি দেয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
গত ২৪ নভেম্বর সন্ধ্যায় নির্মাণাধীন এই ফ্লাইওভারের তিনটি গার্ডার ধসে ১৩ জন নিহত ও বহু আহত হন।
ওই ঘটনার পর জেলা প্রশাসন, সিডিএ, মন্ত্রণালয় ও বুয়েটের বিশেষজ্ঞদের নিয়ে চারটি তদন্ত কমিটি গঠন করা হয়।
মীর আক্তার-পারিশা (জেভি) নামক ঠিকাদারি প্রতিষ্ঠান এই ফ্লাইওভার নির্মাণ করছে।
প্রায় ১০৬ কোটি টাকা ব্যয়ে ১ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয় ২০১০ সালে। আগামী বছরের মার্চে তা শেষ হওয়ার কথা রয়েছে।
এই বছরের নভেম্বর পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ৭১ কোটি টাকা নিয়েছে বলে সিডিএ কর্মকর্তারা জানিয়েছেন।
