বনানী ওভারপাস খুললো
ওভারপাসটি উদ্বোধনের ফলে বিমানবন্দর সড়কের বনানী রেলক্রসিংয়ে ট্রেন চলাচলের সময় যানজট হবে না বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বিমানবন্দর সড়কে বনানী রেলক্রসিংয়ের ওপর নির্মিত প্রায় ৮০০ মিটার দীর্ঘ ওভারপাসের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নবনির্মিত এই ওভারপাসের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
ওভারপাসটি উদ্বোধনের ফলে বিমানবন্দর সড়কের বনানী রেলক্রসিংয়ে ট্রেন চলাচলের সময় যানবাহনকে থেমে থাকতে হবে না।রেল কর্তৃপক্ষের হিসাবে এই রেলক্রসিং দিয়ে দিন-রাতে ৭২টি ট্রেন আসা-যাওয়া করে।
ওভারপাসটি চালু হওয়ায় যানজট কমার পাশাপাশি এ সড়ক ব্যবহারকারীদের সময়ের অপচয়ও কমে আসবে বলে জানিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়।
মিরপুর-এয়ারপোর্ট রোড ফ্লাইওভার প্রকল্পের আওতায় প্রায় ১০৩ কোটি টাকা ব্যয়ে এ ওভারপাসের নির্মাণকাজ বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। নির্ধারিত সময়ের ছয় মাস আগেই প্রায় ২২.৫২ মিটার প্রশস্থ ৬ লেনের এ ওভারপাসের কাজ শেষ করে তারা।
ওভারপাসের ফলক উন্মোচনের পর মুনাজাতে অংশ নেন শেখ হাসিনা। ওভারপাসের নিচে একটি কৃষ্ণচূড়ার চারাও রোপন করেন তিনি।
এ সময় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ও সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া এবং উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওভারপাসের র্যা ডিসন হোটেল প্রান্তে ফিতা কেটে হেটে ফ্লাইভারের উঠেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রীর গাড়িবহর ওভারপাসের উপর দিয়ে আর্মি স্টেডিয়ামে পৌঁছায়। সেখানে ওভারপাসটির উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে যোগ দিয়েছেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর ওভারপাস উদ্বোধন উপলক্ষে সকাল সোয়া দশটা থেকে বিমানবন্দর সড়কের নৌবাহিনী সদরদপ্তর থেকে র্যা ডিসন হোটেল পর্যন্ত এলাকায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হয়।
