কুয়াশায় মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষ
ঘন কুয়াশার কারণে চাঁদপুরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে তিন যাত্রী আহত হয়েছেন।
চাঁদপুর ঘাটে আবে জমজম লঞ্চের সুপারভাইজার বিপ্লব সরকার জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকায় এমভি রফরফ ও এমভি যুবরাজের মধ্যে এই সংঘর্ষ হয়।
এমভি রফরফ ঢাকা থেকে যাত্রী নিয়ে চাঁদপুর যাচ্ছিল। আর পটুয়াখালী থেকে চাঁদপুর হয়ে ঢাকা যাচ্ছিল এমভি যুবরাজ।
চাঁদপুরে ফেরা যাত্রীদের বরাত দিয়ে বিপ্লব সরকার জানান, ঘন কুয়াশার মধ্যে লঞ্চ দুটির মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়। গতি কম থাকায় বড় ধরনের বিপর্যয় না ঘটলেও যুবরাজের তিন যাত্রী আঘাত পান।
দুর্ঘটনার কিছুক্ষণ পর যুবরাজ যাত্রী নিযে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এবং রফরফ চাঁদপুর পৌঁছায়।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে বিপ্রব জানান।
ঘন কুয়াশার কারণে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে গত মাসখানেক ধরেই নৌ চলাচল বিঘ্নিত হচ্ছে। কৃয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় অনেক লঞ্চ বিলম্বিত হচ্ছে।
