২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মার প্রদীপ এখনো জ্বলছে: কাদের

 জটিলতা থাকলেও পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন নিয়ে নিজের আশার কথা জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2012, 11:23 AM

Updated : 24 Aug 2022, 12:40 PM

জটিলতা থাকলেও পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন নিয়ে নিজের আশার কথা জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “পদ্মার প্রদীপ এখনো জ্বলছে।” যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে ই-টেন্ডারিং কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রীর কাছে পদ্মা সেতু প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়। মন্ত্রী প্রথমে কোনো কিছু বলতে না চাইলেও শেষে শুধু ওই মন্তব্য করেন। বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি বহু প্রতীক্ষিত পদ্মা প্রকল্প নিয়ে ঋণদাতা প্রধান সংস্থা বিশ্ব ব্যাংকের সঙ্গে জটিলতা এখনো পুরোপুরি কাটেনি। তবে দুর্নীতি দমন কমিশন মামলা করার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জটিলতা অবসানের আশা প্রকাশ করেছেন। পদ্মা প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার পর বিশ্ব ব্যাংকের শর্ত পূরণে যোগাযোগমন্ত্রীর পদ থেকে সরে যেতে হয় সৈয়দ আবুল হোসেনকে। এরপর ওই দায়িত্বে আসেন ওবায়দুল কাদের। বিশ্ব ব্যাংকের অভিযোগ নিয়ে অনুসন্ধান চালিয়ে এই প্রকল্পে ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে। ওই ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সেতু বিভাগের সাবেক সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়াসহ সাতজনের বিরুদ্ধে গত ১৭ ডিসেম্বর মামলাও করেছে দুদক। তবে বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তদন্ত পর্যবেক্ষণে বিশ্ব ব্যাংকের তিন সদস্যের প্যানেলের প্রতিবেদনের ওপরই সিদ্ধান্ত নির্ভর করছে বলে জানানো হয়েছে। দুদক জানিয়েছে, তারা মামলার এজহারের অনুলিপি বিশ্ব ব্যাংকের সদর দপ্তর এবং ঢাকা কার্যালয়ে ইতোমধ্যে পাঠিয়েছে। লুইস গাব্রিয়েল মোরেনো ওকাম্পো নেতৃত্বাধীন বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষক প্যানেল দুদক কর্মকর্তাদের সঙ্গে দুই দফা আলোচনার পর মামলার বিবাদীদের নামের বিষয়ে মতানৈক্য নিয়েই গত ৫ ডিসেম্বর ফিরে যায়। তাদের ঢাকায় অবস্থানের মধ্যেই সৈয়দ আবুল হোসেন এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছিল দুদক। তবে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে দুজনকে আসামি করা হয়নি বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে। কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠার পর গত বছরের সেপ্টেম্বরে ২৯১ কোটি ডলারের পদ্মা প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি স্থগিত করে বিশ্ব ব্যাংক। দুদক এরপর তদন্ত শুরু করলেও সরকার এবং তৎকালীন যোগাযোগমন্ত্রী আবুল হোসেন দুর্নীতির অভিযোগ নাকচ করে অনড় থাকেন। এই প্রেক্ষাপটে গত জুন মাসে ঋণচুক্তি বাতিল করে বিশ্ব ব্যাংক। এরপর আবুল হোসেনের পদত্যাগ, প্রকল্পের ইন্টেগ্রিটি অ্যাডভাইজর ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান এবং সেতু বিভাগের তৎকালীন সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে ছুটিতে পাঠানোসহ সরকারের নানামুখী তৎপরতায় বিশ্ব ব্যাংক সিদ্ধান্ত বদলায়।