সন্ত্রাসদমনে তথ্য বিনিময় করবে ঢাকা-ব্যাংকক
দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলায় একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছেন থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সন্ত্রাস দমন এবং মানব,মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে তথ্য আদান-প্রদানে সম্মত হয়েছে বাংলাদেশ ও থাইল্যান্ড।
থাইল্যান্ডের সফররত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
“সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলার ওপর গুরুত্ব দিয়েছেন দুই নেত্রী এবং সব ধরনের সন্ত্রাসী তৎপরতার নিন্দা জানিয়েছেন তারা।” বলা হয় বিবৃতিতে।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার সন্ধ্যায় ঢাকা আসেন ইংলাক। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে কথা হয়।
সন্ত্রাস দমনের পাশাপাশি মানবপাচার ও চোরাচালান রোধে তথ্য আদান-প্রদানের বিষয়ে একমত হওয়ার কথা জানিয়ে বিবৃতিতে বলা হয়, “মানব, মাদক ও অস্ত্র চোরাচালানের জন্য অপরাধীদের মধ্যে এ অঞ্চলের ব্যবহার বাড়ছে বলে উভয়পক্ষ একমত হয়েছে।”
বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে ২০১৬ সাল নাগাদ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্যের পরিমাণ দ্বিগুন করার বিষয়ে একমত হয়েছেন দুই দেশের নেতারা।
বাংলাদেশের পক্ষ থেকে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার জন্য থাই বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানানো হয়।
যৌথ বিবৃতিতে বলা হয়, “দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে পদক্ষেপ গ্রহণের বিষয়েও উভয়পক্ষ একমত হয়েছে।”
নির্দিষ্ট কিছু বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমানোর বিষয়ে ঢাকার একটি প্রস্তাব বিবেচনা করবে ‘জয়েন্ট ট্রেড কমিটি’। এছাড়া আগামী বছর থাইল্যান্ডে বাংলাদেশি পণ্যের একটি প্রদর্শনীও হতে পারে।
২০১০-১১ অর্থবছরে দ্বিপক্ষীয় বাণিজ্য ৬৫ শতাংশের বেশি বেড়ে একশ’ কোটি ডলার ছাড়িয়েছে।
প্রতি বছর থাইল্যান্ড থেকে প্রয়োজনে ১০ লাখ টন চাল আমদানির সমঝোতা স্মারক ২০১৬ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা, বন্যা প্রতিরোধ ও দুর্যোগ ঝুঁকি কমানোর ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা প্রদানে সম্মত হয়েছে উভয়পক্ষ।
মৎস্য খাতে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার থাইল্যান্ডের সিদ্ধান্তের প্রশংসা করেছে ঢাকা।
“শ্রমিক নিয়োগ ও কর্মসংস্থান প্রক্রিয়ায় কার্যকর নিয়ম-নীতির জন্য দ্বিপক্ষীয় প্রাতিষ্ঠানিক চুক্তির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
