নোয়াখালীর ‘নিজাম ডাকাত’ বন্দুকযুদ্ধে নিহত
নোয়াখালীর উপকূলীয় চরের জলদস্যু বাহিনীর প্রধান নিজাম (৩৫) র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুক যুদ্ধে’ নিহত হয়েছেন।
চরজব্বর থানার ওসি মোশাররফ হোসেন তরফদার জানান, বৃহস্পতিবার ভোর সুবর্নচর উপজেলার দুলাল মিয়ার বাজারের পাশে র্যাব-১১ সদস্যদের সঙ্গে নিজামের ডাকাত দলের এই ‘বন্দুকযুদ্ধ’ হয়।
সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিজামের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে একটি এলজি ও একটি পিস্তল উদ্ধার করা হয়।
মোশাররফ হোসেন বলেন, “নিজাম ডাকাতের বিরুদ্ধে হাতিয়া, চরজব্বর, সন্ধীপ, রামগতিসহ বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, ডাকাতি ও ধর্ষণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অসংখ্য অভিযোগ রয়েছে। এর মধ্যে হাতিয়া থানায় দায়ের করা ১৩টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সে।”
নিহত নিজাম লক্ষীপুরের রামগতি উপজেলার বড়খেরি গ্রামের রুহুল আমিনের ছেলে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজিয়ার চরে আস্তানা গেড়ে দীর্ঘদিন ধরে উপকূলীয় এলাকায় নদীতে ডাকাতি, চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল তার দল।
এলাকাবাসী জানায়, জলদস্যু সফি বাতাইন্যার হাত ধরে দস্যু বাহিনীতে যোগ দেয় নিজাম। এরপর একসময় হয়ে ওঠেন বাশার বাহিনীর দ্বিতীয় প্রধান।
বাশার র্যাবের হাতে নিহত হওয়ার পর নিজের নামে আলাদা বাহিনী গড়েন নিজাম।
