আরো দুই নদীতে বাঁধ, ঢাকার প্রতিবাদ
বাংলাদেশের উজানে মেঘালয়ে এই দুই নদীতে ভারতের বাঁধ দেয়ার পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। শেখ শাহরিয়ার জামানের প্রতিবেদন।
টিপাইমুখ বাঁধ নিয়ে বাংলাদেশে উদ্বেগের মধ্যে অন্য দুটি অভিন্ন নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করেছে ভারত।
বাংলাদেশের উজানে মেঘালয়ে এই দুই নদীতে বাঁধ দেয়ার ভারতের এই পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
সরকারের পক্ষ থেকে ভারতকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে বলে পররাষ্ট্র ও পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
পানিসম্পদ মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জলবিদ্যুৎ উৎপাদনের জন্য তারা মেঘালয়ে উমেয়ো ও মাইনথ্রু নদীতে বাঁধ দেয়ার পরিকল্পনা করেছে বলে আমরা জেনেছি। এই দুই প্রকল্প নিয়ে না এগোনোর জন্য আমরা তাদের বলেছি।”
“ভাটির দেশের সঙ্গে আলোচনা ছাড়া অভিন্ন এই দুই নদীর ওপর কিছু তারা করতে পারে না,” বলেন তিনি।
উমেয়ো ও মাইনথ্রু নদী ভারত ও বাংলাদেশের ওপর দিয়ে বয়ে গেছে। তাই যথাযথ সমীক্ষা ছাড়া এই দুই নদীর ওপর কোনো ধরনের অবকাঠামো বাংলাদেশ মেনে নেবে না বলে ওই কর্মকর্তা জানান।
মনিপুর রাজ্যে বরাক নদীর ওপর টিপাইমুখে বাঁধ নির্মাণের পরিকল্পনার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, টিপাইমুখ নিয়ে বাংলাদেশ উদ্বেগ জানিয়েছে এবং ওই বাঁধ হলে বাংলাদেশের ওপর তার কী কী প্রভাব পড়তে পারে তা নিয়ে এখন যৌথ সমীক্ষা চলছে।
গত সেপ্টেম্বর থেকে যৌথ নদী কমিশনের (জেআরসি) উপ কমিটি এ সমীক্ষা শুরু করেছে এবং ২০১৪ সালের জানুয়ারিতে শেষ হওয়ার আশা করা হচ্ছে বলে পানি সম্পদ মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন।
নতুন দুই বাঁধ নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে বাংলাদেশের উদ্বেগের বিষয়ে এখনো কোনো বক্তব্য দেয়নি ভারত। কবে নাগাদ তাদের বক্তব্য পাওয়া যাবে সে বিষয়েও কিছু জানায়নি তারা।
তবে বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে এ বিষয়টি তুলে ধরা হবে বলে জানান এই কর্মকর্তা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গত সপ্তাহে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে এবং আগামী সপ্তাহেও আরেকটি চিঠি পাঠানো হতে পারে।
তিনি নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যৌথ নদী কমিশনের বৈঠক ছাড়াও বিভিন্ন অবস্থান থেকে ভারত সরকারের কাছে এ বিষয়টি তুলে ধরা হবে।”
“পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে চিঠি পাঠানো হতে পারে। আবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বা জয়েন্ট কনসালটেটিভ কমিশন (জেসিসি) বৈঠকেও এটা তোলা হতে পারে,” বলেন তিনি।
আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ে জেসিসি বৈঠক ঢাকায় হওয়ার কথা রয়েছে। আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদেরও বাংলাদেশ সফরে এসে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনার কথা রয়েছে।
মাইনথ্রু সারি নদী নাম নিয়ে সিলেটের জৈন্তাপুর উপজেলা দিয়ে এবং উমিয়ো উমিয়ম নদী নামে সুনামগঞ্জ হয়ে বাংলাদেশে ঢুকেছে।
গ্রেটার শিলং ওয়াটার সাপ্লাই স্কিমের আওতায় উমিয়ো নদীতে বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে মেঘালয় সরকার।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ৫৭টি অভিন্ন নদী রয়েছে যার ৫৪টিই এসেছে ভারতের ওপর দিয়ে।
এগুলোর মধ্যে ভারতের সঙ্গে শুধু গঙ্গার পানি বণ্টন নিয়ে চুক্তি হয়েছে। গত বছর তিস্তার পানি বণ্টন চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির মুখে শেষ মুহূর্তে তা আটকে যায়।
