২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল স্বতঃস্ফূর্ত, সফল: সেলিম

জনগণের ‘স্বতঃস্ফূর্ত’ অংশগ্রহণে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবিতে ডাকা ‘শান্তিপূর্ণ’ হরতাল ‘সফল’ হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2012, 10:48 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

জনগণের ‘স্বতঃস্ফূর্ত’ অংশগ্রহণে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবিতে ডাকা ‘শান্তিপূর্ণ’ হরতাল ‘সফল’ হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

মঙ্গলবার হরতাল চলাকালে রাজধানীর পল্টন এলাকায় তিনি সাংবাদিকদের বলেন, “ঢাকা শহরে বোমা ফাটিয়ে এবং গাড়িতে আগুন দিয়ে বিএনপি-আওয়ামী লীগ এর আগে যেসব হরতাল করেছে তার চেয়ে অনেক অনেক সফল হরতাল হচ্ছে। মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং সহানুভূতির ভিত্তিতেই আমরা এ হরতাল সফল করতে পেরেছি।”

সব ‘সাম্প্রদায়িক রাজনৈতিক দল’ নিষিদ্ধ করা এবং যুদ্ধাপরাধের বিচার দ্রুত শেষ করাসহ কয়েকটি দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে। প্রায় একই দাবিতে হরতাল করছে গণতান্ত্রিক বাম মোর্চাও।

সিপিবি ও বাসদ কর্মীরা ভোর থেকেই দলীয় ও জাতীয় পতাকা নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল করছে। কোথাও গোলোযোগের কোনো খবর পাওয়া যায়নি।

হরতালে রাজধানীর সড়কে বাস চলাচল করছে একেবারেই কম। প্রেসক্লাব, বাংলা মোটর ও রূপসীবাংলা মোড়ে যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দিতে দেখা গেছে পুলিশকে।

সরকারের সমর্থন নিয়ে এই হরতাল হচ্ছে কি না- জানতে চাইলে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “সরকার আমাদেরকে সমর্থন করে বরিশালে আমাদের লাঠিপেটা করেছে। আমাদেরকে সমর্থন করে মাগুরায় লাঠিপেটা করেছে। নেত্রকোণায় আমাদেরকে সমর্থন করে আমাদের মিছিলে হামলা চালিয়েছে। শুধু সরকারের পুলিশ বাহিনী না, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালিয়েছে। সুনামগঞ্জে আজও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। নরসিংদীতে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের প্রশাসন ও অন্যান্য শক্তির মোকাবেলা করেই আমরা এই হরতাল সফল করতে ইচ্ছুক।”

দেশের বিভিন্ন জেলা থেকেও ‘সফল’ ও স্বতঃস্ফূর্ত হরতাল পালনের খবর পেয়েছেন বলে উল্লেখ করেন সিপিবি সভাপতি।

“এটা দিয়ে প্রমাণিত হচ্ছে দুইটা কথা। একটা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার এই মাটিতে হতেই হবে। আর দ্বিতীয়ত জামায়াত শিবির নিষিদ্ধ হতেই হবে। এটা দিয়ে প্রমাণিত হচ্ছে যে তাজরীন গার্মেন্টেসের হত্যাকাণ্ডের বিচার হতেই হবে।”

সিপিবি ও বাসদের অন্য দাবিগুলো হচ্ছে- যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করা, তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের জন্য দায়ী মালিক পক্ষ ও সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তার ও শাস্তি দেয়া, গার্মেন্টসহ সব শিল্প-কারখানায় আইন অনুযায়ী কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করা, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং বিদ্যুৎ বিল, গাড়ি ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো ও বিশ্ব ব্যাংকের পরামর্শে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধ করা।

সেলিম বলেন, “আজকের হরতাল প্রমাণ করেছে যে জনগণের সমর্থন নিয়েই সত্যিকারের হরতাল হয়। আতঙ্ক সৃষ্টি করে যারা হরতাল করে- তারা আসলে জনগণ থেকে বিচ্ছিন্ন।”

আগামী দিনের জাতীয় রাজনীতিতেও এটি নতুন পথ প্রদর্শন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান সাংবাদিকদের বলেন, “জ্বালাও পোড়াও রাজনীতির বিপরীতে জনগণের দাবিতে জনগণের সমর্থন নিয়ে স্বতঃস্ফূর্ত এই হরতাল রাজনৈতিক নবযাত্রার সূচনা করেছে। দ্বিদলীয় বৃত্তের বাইরে এটি একটি রাজনৈতিক নবযাত্রা।”

গণতান্ত্রিক বাম মোর্চাও সারা দেশে হরতাল পালন করছে মঙ্গলবার। তাদের দাবির মধ্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার ও বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি বন্ধ, শ্রমিক হত্যাকাণ্ডের জন্য দায়ী সব মালিক ও কর্মকর্তাদের গ্রেপ্তার করে সব কারখানায় নিরাপদ পরিবেশ নিশ্চিত ও ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা, যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত ও ধর্মের রাজনৈতিক ব্যবহার বন্ধ, বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ন্ত্রণ ও রেল এবং গাড়ি ভাড়া কমানো, দুর্নীতি বন্ধ করে লোপাট করা অর্থ উদ্ধার অন্যতম।

গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকী পল্টন এলাকায় সাংবাদিকদের বলেন, “আমরা বিশ্বাস করি এই ৭ দফা দাবি জনগণের প্রাণের দাবি। তাই জবরদস্তি করে এই হরতাল কারো ওপর চাপিয়ে দিতে হবে না। আজকের হরতালে মানুষ স্বতঃস্ফূর্তভাবেই গাড়ি বের করেনি। কুপিয়ে মারার রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে।”

রাজধানীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রিকশার সংখ্যা বাড়লেও পল্টন, প্রেসক্লাব, শাহবাগ, দৈনিক বাংলা, মৎসভবন এলাকায় বাস চোখে পড়েনি।

পল্টন মোড়ে চলছে হরতালকারী দলগুলোর ছোট ছোট সমাবেশ, খণ্ড মিছিল আর প্রতিবাদী গান।