কাঁটাতারের বেড়া: ভারতে বিজিবি প্রতিনিধি দল
সীমান্তে ভারতের নির্মাণাধীন কাঁটাতারের বেড়ার অবস্থান দেখতে সেদেশে গেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধি দল।
সীমান্তে ভারতের নির্মাণাধীন কাঁটাতারের বেড়ার অবস্থান দেখতে সেদেশে গেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধি দল।
সোমবার ছয় সদস্যের এই দলটি বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যায়।
খুলনা বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেনের নেতৃত্বে দলে রয়েছেন ২৩ ব্যাটালিয়নের কর্নেল রবিউল আলম, যশোর ২৬ ব্যাটালিয়নের লে. কর্নেল আবুল কালাম আযাদ, মেজর আবুল কালাম আযাদ ও অপারেশন অফিসার মেজর ফিরোজ ওয়াহিদ।
বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা যৌথভাবে সীমান্ত এলাকা পরিদর্শন করবেন। এরপর সোমবার রাত ১০টায় বিজিবি কর্মকর্তারা দেশে ফিরবেন বলে বিজিবি জানিয়েছে।
যশোর ২৬ ব্যাটালিয়ন বিজিবির অপারেশন অফিসার মেজর ফিরোজ ওয়াহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেনাপোল ও শার্শা সীমান্তের বিপরীতে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। আন্তর্জাতিক নিয়মে শূন্য রেখা থেকে দেড়শ’ গজ বাদ দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের নিয়ম রয়েছে।
সঠিক স্থানে তারা বেড়া নির্মাণ করছে কিনা তা সরেজমিন দেখতে বিজিবি কর্মকর্তারা ভারত যান, বলেন তিনি।
বিজিবি কর্মকর্তা আরো বলেন, দুদেশের সীমান্তরক্ষী কর্মকর্তারা যৌথভাবে সীমান্ত পরিদর্শন করবেন। এরপর ভারতের দক্ষিণ বয়রা ক্যাম্পে একটি বৈঠক হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
বৈঠকে নারী, শিশু ও মাদক পাচার প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হবে বলে তিনি জানান।
