নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ উপ পরিদর্শকের মৃত্যু
বিস্ফোরণের চারদিন পর সোমবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিকৎসাধীন অবস্থায় মারা যান শাহজাহান।
নারায়ণগঞ্জের বন্দর থানায় বিস্ফোরণে দগ্ধ পুলিশ উপ পরিদর্শক শাহজাহানের মৃত্যু হয়েছে।
বিস্ফোরণের ঘটনার চারদিন পরও এর কারণ জানাতে পারেনি পুলিশ।
জেলার পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, সোমবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহজাহান।
“ময়না তদন্ত শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তারা মরদেহ বাড়িতে নিয়ে যাবেন”, বলেন পুলিশ সুপার।
নিহত শাহজাহান টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাঁচকামরী কুরালিয়া পাড়া গ্রামের আলী মিয়ার ছেলে। স্ত্রী ও তিন ছেলেমেয়েকে নিয়ে মিরপুর ১০ নম্বর সেকশনের একটি ফ্ল্যাটে থাকতেন তিনি।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে বন্দর থানার উপ-পরিদর্শক কোয়ার্টারের সামনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে শাহজাহানের শরীর আগুন ঝলসে যায়। তার পড়নের লুঙ্গি ও গেঞ্জি পুড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঘটনার পরপরই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিস্ফোরক বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগহ করেন। তবে পরীক্ষা-নিরীক্ষার আগে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে সে সময় রাজি হননি তারা।
এসপি শেখ নাজমুল আলম এর আগে বলেছিলেন, ঘটনার আলামত দেখে তাদের বোমা বলে মনে হয়নি।
