হাতে ফুল, মুখে বিচারের দাবি
আগামী স্বাধীনতা দিবসের আগেই যুদ্ধাপরাধীদের বিচার দেখতে চেয়েছেন বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা কয়েকজন মুক্তিযোদ্ধা।
আগামী স্বাধীনতা দিবসের আগেই যুদ্ধাপরাধীদের বিচার দেখতে চেয়েছেন বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা কয়েকজন মুক্তিযোদ্ধা।
তারা মনে করেন, দেশের স্বার্থেই বিএনপি চেয়ারপার্সনের উচিৎ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগ করা।
মুক্তিযুদ্ধে বিজয়ের ৪১তম বর্ষপূর্তিতে রোববার সকালে স্মৃতিসৌধে এসেছিলেন ছয় নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেয়া হারুনুর রশীদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “জাতির প্রত্যাশা ছিল অনেক আগে যুদ্ধাপরাধের বিচার হবে। এ সরকার বিলম্বে হলেও তার উদ্যোগ নিয়েছে। স্বাধীনতা দিবসের আগেই যেন এ বিচার প্রক্রিয়া শেষ হয়। তা না হলে শহীদদের আত্মা কষ্ট পাবে।”
দেশে ক্ষমতার পট পরিবর্তন হলে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্থ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন ৬৫ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা।
বিজয় দিবসের আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলারও রায় না হওয়ায় কিছুটা হতাশা প্রকাশ করেন একাত্তরে দুই নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেয় আব্দুর রশীদ।
তিনি বলেন, “আমরা চাই, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আগেই এসব ঘাতকের বিচার হোক।”
৬০ বছর বয়সী রশিদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে গাফিলতি করলে মুক্তিযোদ্ধা ও দেশের মানুষের জন্য তা ভয়াবহ পরিণাম ডেকে আনতে পারে।
“আমি একজন সৈনিক ছিলাম। আমি মনে করি জিয়াউর রহমানের গঠিত দল বিএনপির উচিৎ জামায়াতকে বর্জন করা”, বলেন তিনি।
একই কথা বললেন ৬১ বছর বয়সী মোহাম্মদ শাহ আলম। তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন ৯ নম্বর সেক্টরে।
নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী পরাজয় মেনে নিয়ে আত্মসমর্পণ করে। আর এর মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশের আবির্ভাব ঘটে।
তবে যুদ্ধের সেই নয়টি মাসে প্রাণ দিতে হয় এ দেশের প্রায় ৩০ লাখ মানুষকে। পাকিস্তানি হানাদাররা তাদের এ দেশীয় দোসরদের নিয়ে সারা দেশে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাটসহ ব্যাপক নির্যাতন চালায়।
যুদ্ধাপরাধের সেই সব ঘটনায় জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান আমীরসহ শীর্ষ নয় নেতা এবং বিএনপির দুই নেতার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইতোমধ্যে কয়েকটি মামলার কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে।
বিজয় দিবসের সকালে রাজধানীসহ সাভারের আশেপাশের বিভিন্ন এলাকা থেকে জাতীয় স্মৃতিসৌধে ছুটে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের অনেকের হাতেই যুদ্ধাপরাধীদের বিচারের দাবি সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।
সকালে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াও শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আগামী বিজয় দিবসের আগেই যুদ্ধাপরাধের বিচারের রায় হবে এবং তা কার্যকর করাও সম্ভব হবে বলে তিনি আশা করছেন।
যুদ্ধাপারাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে স্মৃতিসৌধ প্রাঙ্গণেই প্রতীকী অনশন করে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামের একটি সংগঠন।
এ সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার বানচালে ষড়যন্ত্র চলছে। সরকারের কাছে আমাদের দাবি, দ্রুত এসব ঘৃণিত ব্যক্তিদের ফাঁসিতে ঝোলাতে হবে।”
মাত্র ৭ মাস বয়সী মাহিয়া খন্দকারকে নিয়ে স্মৃতিসৌধে এসেছিলেন সাভারের জামগড়ার বাসিন্দা লেনিন খন্দকার। মাহিয়ার ছোট্ট হাতে দেখা গেল ছোট্ট জাতীয় পতাকা।
লেনিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমার মেয়ের এটাই প্রথম বিজয় দিবস। ও এখন হয়তো এসব বুঝবে না। কিন্তু তাকে নিয়ে এসেছি যেন সে ধীরে ধীরে আমাদের ইতিহাস সে জানতে পারে।”
ঢাকা থেকে জয়নালে আবেদীন স্মৃতিসৌধে গিয়েছিলেন সাত বছরের মেয়ে সামিহা আবেদীন ও পাঁচ বছরের মেয়ে সালসাবিল আবেদীনকে নিয়ে।
শহীদ বেদীতে ফুল দেয়ার পর তিনি বলেন, “বাচ্চারা এখনো দেশের ইতিহাস জানে না। তাদের এখানে নিয়ে আসলে তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে, তারা জানতে পারবে। এ জন্যই প্রতিবছর নিয়ে আসার চেষ্টা করি।”
যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার দাবি করে তিনি বলেন, “অনেক পরে হলও বিচার প্রক্রিয়া শুর হয়েছে। কিন্তু বিচার প্রক্রিয়া শেষে রায় যেন দ্রুত বাস্তবায়ন হয়।”
স্মৃতিসৌধে ফুল দিতে আসা মেহেদী হাসান মিল্টন জানান, তার বাবা শেখ মনসুর আলী কুষ্টিয়া এলাকার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন তার অন্য চার ভাইও।
“আজ দেশ স্বাধীন হয়েছে। কিন্তু যুদ্ধাপরাধীরা এখনো মুক্তভাবে এ দেশে ঘুরে বেড়াচ্ছে। আশা ছিল বিজয় দিবসের আগে রাজাকারদের বিচার হবে। আমি চাই অন্তত স্বাধীনতা দিবসের আগে তাদের বিচার সম্পন্ন হোক।”
মেহেদী স্মৃতিসৌধে এসেছিলেন নাতি মাশরাফিকে নিয়ে। ফেরার সময় সাত বছরের মাশরাফি তার হাতে থাকা কাগজের পতাকাটা দোলাতে দোলাতে বার বার ফিরে চাইছিল স্মৃতিসৌধের দিকে।
স্মৃতিসৌধের শহীদবেদী ততোক্ষণে ফুলে ফুলে ভরে উঠেছে।
