২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুদ্ধাপরাধীদের বিচার কেউ ঠেকাতে পারবে না’

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদদ্দীন খান আলমগীর বলেছেন, যতো ষড়যন্ত্রই হোক, যুদ্ধাপরাধের বিচার কেউ ঠেকাতে পারবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2012, 08:25 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদদ্দীন খান আলমগীর বলেছেন, যতো ষড়যন্ত্রই হোক, যুদ্ধাপরাধের বিচার কেউ ঠেকাতে পারবে না।

রোববার মুক্তিযুদ্ধে বিজয়ের ৪১ বছর পূর্তিতে রাজারবাগে পুলিশ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর বিরূদ্ধে পুলিশ বাহিনীই প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে।

স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমরা দেখতে পাচ্ছি যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে চার দিকে নানান ষড়যন্ত্র চলছে। মরিয়া হয়ে তারা গুপ্ত হামলা চালাচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তবে যত ষড়যন্ত্রই করা হোক না কেন, যুদ্ধাপরাধীদের বিচার কেউ ঠেকাতে পারবে না।”

এক প্রশ্নের জবাবে মহীউদ্দীন খান আলমগীর বলেন, “খেতাব একটি নীতিমালা অনুসরণ করে দেওয়া হয়েছে। পুলিশ বাহিনী খেতাব না পেলেও এ বাহিনীর সদস্যরা অন্যান্য জাতীয় পুরস্কার পেয়েছেন।”

রাজধানীর শীর্ষ সন্ত্রাসী বিকাশ কুমার বিশ্বাসের কারাগার থেকে ছাড়া পাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বিকাশকে আদালত জামিন দিয়েছে। আর সে ৪৫ মিনিটে জেল থেকে ছাড়া পায় নি। আদালত তাকে একদিন আগেই জামিন দিয়েছিল।”

গত শুক্রবার সকালে গাজীপুরের কাশিমপুর-২ কারাগার থেকে ছাড়া পান বিকাশ।