গাড়ি পোড়ানোর মামলা: নতুন করে শুরুর আদেশ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলার বিচার নতুন করে শুরু করতে বলেছে হাই কোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকার এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে এই আদেশ দেয়।
পরে অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন এখতিয়ার সম্পন্ন দ্রুত বিচার ট্রাইবুনাল-২ এ ওই মামলার কার্ক্রম চলবে।”
অভিযোগ আমলে নেয়া থেকে শুরু করে অন্যান্য বিচারিক কার্যক্রম এই আদালতে পুনরায় শুরু হবে বলেও জানান তিনি।
এম ইলিয়াস আলীর ‘সন্ধান’ দাবিতে বিএনপির ডাকে হরতালের সময় গত ২৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো হয়। ওই রাতেই তেজগাঁও থানায় বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীদের আসামি করে একটি মামলা করে পুলিশ।
এরপর গত ১০ দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৫ বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে ওই মামলায় অভিযোগ গঠন করে।
তবে বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকনের একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাই কোর্টের একটি বেঞ্চ গত ৬ অগাস্ট ট্রাইব্যুনাল-৫ এর কার্যক্রমে আট সপ্তাহের স্থগিতাদেশ দেয়।
পরে ওই স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দেয় হাই কোর্টের অন্য একটি বেঞ্চ।
