আমার দেশের প্রকাশনা বন্ধের আবেদন
বিচারকের ব্যক্তিগত গোপনীয়তা (প্রাইভেসি) লঙ্ঘনের অভিযোগে দৈনিক আমার দেশের প্রকাশনা বন্ধের জন্য হাই কোর্টে আবেদন করেছেন এক আইনজীবী।
বিচারকের ব্যক্তিগত গোপনীয়তা (প্রাইভেসি) লঙ্ঘনের অভিযোগে দৈনিক আমার দেশের প্রকাশনা বন্ধের জন্য হাই কোর্টে আবেদন করেছেন এক আইনজীবী।
আমার দেশের প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ারও নির্দেশনা চাওয়া হয়েছে ওই আবেদনে।
স্কাইপে এক ব্যক্তির সঙ্গে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল প্রধানের কথিত কথপোকথন আমার দেশে ধারাবাহিকভাবে প্রকাশের পর সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজাহার উল্লাহ ভূঁইয়া বৃহস্পতিবার এই আবেদন করেন।
বিচারপতি এইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়েছে। এতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন এ কে এম শফিউল্লাহ।
শুনানিতে বিচারক বলেন, সাইবার অপরাধের কারণে ব্রিটেনের বিখ্যাত নিউজ অব দ্য উইক বন্ধ হয়ে গেছে। এর সম্পাদক এখন কারাগারে। বাংলাদেশে যা ঘটেছে সেটাও ‘সাইবার ক্রাইম’।
মাঝখানে কিছুক্ষণ বিরতির পর বিকালে আবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
আবেদনকারী আজাহার উল্লাহ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমার দেশের প্রকাশক, সম্পাদকসহ ১২ জনকে এ মামলায় বিবাদী করা হয়েছে।
ব্রাসেলসভিত্তিক আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে আর্ন্তজাতকি অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের কথিত কথোপকথন সম্প্রতি দৈনির আমার দেশে প্রকাশের পর তার পদত্যাগের দাবি তোলে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থক আইনজীবীরা।
এ নিয়ে বিতর্কের মুখে মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন বিচারপতি নিজামুল। তার পদত্যাগপত্র গ্রহণ করে বৃহস্পতিবার ট্রাইব্যুনাল পুনর্গঠনের প্রজ্ঞাপনও জারি করেছে আইন মন্ত্রণালয়।
