২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বজিত হত্যা: আইনজীবীর পৃথক মামলা

বিশ্বজিত হত্যা এবং ঢাকা বারে আইনজীবীদের মারধরের অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2012, 10:04 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

বিশ্বজিত হত্যা এবং ঢাকা বারে আইনজীবীদের মারধরের অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মাহাবুবুল আলম দুলালের দায়ের করা এ মামলায় মাহফুজুর রহমান নাহিদ, রফিকুল ইসলাম শাকিলসহ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে গত রোববার পুরান ঢাকায় বিশ্বজিত দাস নামে ওই দর্জি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার ছবি ও ভিডিও সংবাদ মাধ্যমে আসার পর শুরু হয় নানামুখী আলোচনা।

ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতা কর্মীদের জড়িত থাকারও অভিযোগ ওঠে।

আইনজীবীর করা মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছে- ইমদাদুল, ওবায়দুল কাদের, মীর মোহাম্মদ নূরে আলম লিমন, ইউনুস, তাহসিন, জনি, শিপলু, কিবরিয়া।

এরই মধ্যে হত্যায় জড়িত থাকার অভিযোগে মাহফুজুর রহমান নাহিদ, ইমদাদুল হক, নূরে আলম লিমন, রফিকুল ইসলাম শাকিল ও ওবায়দুল কাদের তাহসিন নামে পাঁচ সাবেক ও বর্তমান শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাদী মাহাবুবুল আলম দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে চিহ্নিত করা ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ সদস্য এবং মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক-কর্মচারীদেরও আসামি করা হয়েছে তার মামলায়।

মামলায় স্বাক্ষী হিসেবে রাখা হয়েছে রিকশাচালক মোহাম্মদ আব্দুল, ভিক্টোরিয়া পার্ক উত্তর পাশের ইনটেনসিভ ডেন্টাল কেয়ারের আব্দুল হক, গণমাধ্যমকর্মী এবং পথচারীসহ ছয় জনকে।

একই ঘটনায় এর আগে সুত্রাপুর থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করলেও ওই মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি।