বিসিএস পরীক্ষার সূচি পরিবর্তন
বাম দলগুলোর ডাকা হরতালের দিন তেত্রিশতম বিসিএসের লিখিত পরীক্ষার সময় পেছানো হয়েছে।
ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাম দলগুলোর ডাকা হরতালের দিন তেত্রিশতম বিসিএসের লিখিত পরীক্ষার সময় পেছানো হয়েছে।
১৮ ডিসেম্বর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা পিছিয়ে আগামী ২৪ ডিসেম্বর নতুন তারিখ রেখেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবর্তিত সূচি অনুযায়ী ২৪ ডিসেম্বরের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ২৬ ডিসেম্বর এবং একই দিনের মেডিকেল সায়েন্স প্রথম পত্র ও ২৬ ডিসেম্বরের মেডিকেল সায়েন্স দ্বিতীয় পত্রের পরীক্ষা নেয়া হবে ৩০ ডিসেম্বর।
জামায়াতে ইসলামীসহ সব ‘সাম্প্রদায়িক রাজনৈতিক দল’ নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবিতে ১৮ ডিসেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। একই দিনে আলাদাভাবে হরতাল ডেকেছে কয়েকটি বাম দলের জোট গণতান্ত্রিক বাম মোর্চা।
গত ১৫ নভেম্বর দিনে দুটি করে পরীক্ষা রেখে স্থগিত হওয়া ৩৩তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করেছিল পিএসসি।
এর আগে এই লিখিত পরীক্ষা শুরুর একদিন আগে প্রশ্নপত্র ফাঁসের গুজবের মধ্যে ৬ অক্টোবর ‘অনিবার্য কারণে’ পরীক্ষা স্থগিত করে পিএসসি। ৭ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল।
গত ৩০ অক্টোবর থেকে শুরু হয়ে ১৪ নভেম্বর পর্যন্ত পদ সংশি¬ষ্ট বিষয়গুলোর পরীক্ষা হয়েছে। এতে ২৮ হাজার ৯১৭ জন প্রার্থী অংশ নেন।
চার হাজার ২০৬টি শূন্য পদের বিপরীতে গত ১ জুন ৩৩তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষায় পরীক্ষায় এক লাখ ৯৩ হাজার ৫৯ পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন।
