ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও একজন প্রবাসী আইনজীবীর মধ্যে স্কাইপে কথিত কথোপকথন পত্রিকায় প্রকাশের বিষয়ে দৈনিক আমার দেশের কর্তাদের তলব করা হবে কি না, তা মঙ্গলবার জানাবে প্রথম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলীর করা এক আবেদনে এই সিদ্ধান্ত জানান ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক।
বিচারপতি নিজামুল হক ও ব্রাসেলসভিত্তিক অ্যাকাডেমিক আহমেদ জিয়াউদ্দিনের মধ্যে স্কাইপে কথিত কথোপকথনের প্রথম কিস্তি আমার দেশে গত ৯ ডিসেম্বর ছাপা হয়।
এর আগে গত ৫ ডিসেম্বর সন্ধ্যায় যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা দ্য ইকোনমিস্টের কাছ থেকে একটি ফোন কল পান বিচারপতি নিজামুল।
ফোনে তাকে বলা হয়, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের কাছে পাঠানো তার কয়েকশ ই-মেইল ও তার সঙ্গে কয়েক ঘণ্টার কথোপকথনের রেকর্ড তাদের কাছে রয়েছে।
ওই সমস্ত কথোপকথন ও ই-মেইল ব্যক্তিগত হওয়ায় তা গোপনীয় রাখার জন্য ট্রাইব্যুনাল পত্রিকাটিকে নির্দেশনা দেয়।
ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমে হস্তক্ষেপ করায় ইকোনমিস্টের প্রধান সম্পাদক ও দক্ষিণ এশিয়া ব্যুরোর প্রধানকে ব্যাখ্যা দিতে বলা হয় ওই আদেশে।
গত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা সাবেক আমলা মাহমুদুর রহমান সম্পাদিত ওই পত্রিকায় চার পৃষ্ঠাজুড়ে প্রথম কিস্তি ছাপার পর সোমবার কথোপকথনের আরো একটি পৃষ্ঠা ছাপা হয়।
কথোপকথনে অংশ নেয়া এই দুজন তরুণ বয়সে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করার সময় থেকেই পরস্পর পরিচিত। তারা সরল মনে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এবং কয়েকজন ব্যক্তি সম্পর্কে নিজেদের মতবিনিময় করেছেন।
ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান প্রবাসী ওই অ্যাকাডেমিকের কাছে পরামর্শ চেয়েছেন, যিনি তার জন্য একজন গবেষকের ভূমিকা পালন করেন এবং তাকে বিভিন্ন তথ্যাদি দিয়ে সাহায্য করেন।
এই সংবাদ প্রকাশকে অনাকাক্সিক্ষত উল্লেখ করে সৈয়দ হায়দার আলী বলেন, আদালতকে অবমাননার হীন উদ্দেশ্যেই এই কথোপকথন ছাপা হয়েছে।
ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে তিনি বলেন, “একজন ব্যক্তি এবং প্যানেলের সদস্য হিসেবেও আপনারা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করতেই এই প্রতিবেদন।”
তিনি বলেন, এধরনের স্পর্শকাতর ও বিব্রতকর আরো তথ্যের প্রকাশ শুধু ট্রাইব্যুনালের মর্যাদার উপরই আঘাত নয়, বরং সামগ্রিকভাবে বিচার বিভাগের উপর আঘাত।
শুধু বিচারকাজকে বাধাগ্রস্ত করতেই একান্ত গোপনীয় কথোপকথনের এই সংবাদ প্রকাশ করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এতে পুরো প্রতিষ্ঠানকে নিয়ে রসিকতা করা হয়েছে।
“কেন এটা অবৈধ ও অন্যায় তার আমি প্রমাণ করতে পারি।”
আমার দেশের কর্তাদের তলব করে এর জন্য ব্যাখ্যা চাইতে ট্রাইব্যুনালের কাছে আবেদন জানান এই প্রসিকিউটর।
শুরুতে আদালত দুপুরের বিরতির পর এবিষয়ে আদেশ দেয়ার কথা বললেও পরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, মঙ্গলবার তিনি এ বিষয়ে আদেশ দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এমআই/২৩৪৩ ঘ.
bdnews24