২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশা আরো দুই দিন থাকবে

ঘন কুয়াশা আরো দুই দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 05:25 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশা আরো দুই দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কুয়াশার মাত্রা বুধবার রাত থেকে কিছুটা কমতে পারে বলে এতে বলা হয়। তবে হেমন্তের এই শেষ সময়ে এসে শীত জেঁকে বসতে পারে। টানা দু’দিন ধরে মাঝারি থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে দেশের বিস্তীর্ণ অঞ্চল। এতে নৌ, সড়ক ও বিমান চলাচল বিঘিœত হয়। সন্ধ্যার পর থেকে রাজধানীসহ দেশের অনেক এলাকায় ঘন কুয়াশার কারণে কয়েক গজ দূরের কিছুও দেখা যাচ্ছে না। ফলে যানবাহন চলছে অনেক ধীর গতিতে। সোমবার আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত পূর্বাভাস কর্মকর্তা আবদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভূ পৃষ্ঠের (সারফেস) ঠান্ডা আবহাওয়ার সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় কুয়াশার মাত্রা বেড়েছে। আরো দুই দিন তা অব্যাহত থাকতে পারে। বুধবার রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানালেন এই আবহাওয়াবিদ। হেমন্ত ও শীতের এই সন্ধিক্ষণে এ ধরনের আবহাওয়াকে স্বাভাবিক বলেই মনে করেন আবদুর রহমান। তিনি বলেন, “বৃষ্টি হলেই মাঝারি থেকে ঘন কুয়াশা কাটবে। তবে হালকা কুয়াশায় শীতের আমেজ বাড়বে। এতে মাঝারি থেকে তীব্র শীত অনুভূত হতে পারে কোথাও কোথাও।” চলতি মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসেও বলা হয়, মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক-দুটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস)/ মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি/ঘন কুয়াশা পড়তে পারে। এতে আরো বলা হয়, আবহাওয়া প্রধানত শুকনো থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি ধরনের কুয়াশা পড়বে। ওই সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১০-১১ ডিগ্রি সেলসিয়াস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২৩১৬ ঘ.