ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবরোধ চলাকালে ভাংচুর, সংঘর্ষ ও পুলিশের উপর হামলার অভিযোগে নয় জেলায় ছয় হাজারেরও বেশি বিএনপি-জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
এরমধ্যে বরিশালে তিন মামলায় ৭৩৫, গাজীপুরে পঁচ মামলায় ১০৯২, নওগাঁয় এক মামলায় ৭৭, লক্ষ্মীপুরে এক মামলায় ১২৪, নারায়ণগঞ্জে চার মামলায় ১১৮, মুন্সীগঞ্জে পাঁচ মামলায় ২ হাজার, সিরাজগঞ্জে ১১শ’, কক্সবাজার সাড়ে ৬শ’ এবং মাদারীপুরে সাড়ে ৪শ’ নেতাকর্মীকে আসামি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ-
বরিশাল: অবরোধ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বরিশালে বিএনপি জামায়াতের ৭৩৫ নেতাকর্মীকে আসামি করে পৃথক তিনটি মামলা করেছে পুলিশ।
সোমবার কোতোয়ালি, বিমানবন্দর ও গৌরনদী থানায় মামলা তিনটি দায়ের করা হয়।
কোতোয়ালি মডেল থানায় উপ-পরিদর্শক শ্যামল চন্দ্রের করা মামলায় ১৫ জনের নামোল্লেখসহ বিএনপি-জামায়াতের ৪শ’ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
বরিশাল-পটুয়াখালী সড়কের আব্দুর রব সেরনিয়াবাত সেতু এলাকা অবরোধের সময় পুলিশের উপর হামলার অভিযোগ করা হয় এ মামলায়।
বিমান বন্দর থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, এ থানায় করা মামলায় বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর গড়িয়ার পাড় এলাকায় পুলিশের কাজে বাধাদান, সড়ক অবরোধ করে জন দুর্ভোগ, জনমনে আতংক সৃষ্টির অভিযোগ আনা হয়।
মামলায় জেলা দক্ষিণ বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল, সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিন, আক্তারুজ্জামান শামীমসহ ৩৫ জনের নামসহ অজ্ঞাত পরিচয় ৩শ’ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
গৌরনদী থানার ওসি আবুল কালাম বলেন, রোববার বিএনপি’র নেতাকর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ করায় দক্ষিণাঞ্চেলের যোগাযোগ বন্ধ হয়ে দূরপাল্লার নৈশ কোচ ও পণ্যবাহী ট্রাকসহ বহু যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী সাধারণ চরম ভোগান্তির শিকার হন।
এ অভিযোগে সোমবার গৌরনদী থানার উপ-পরিদর্শক সলোয়মান মাহমুদ বাদী হয়ে স্থানীয় বিএনপি’র অজ্ঞাত পরিচয় ৩৫ নেতাকর্মীকে আসামি করে মামলা করেছেন।
গাজীপুর: গাজীপুরে পঁচাটি মামলায় ১০৯২ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয় ১০ জনকে।
এরমধ্যে রয়েছে কালীগঞ্জে দুইটি, শ্রীপুরে দুইটি এবং টঙ্গী থানায় একটি।
কালীগঞ্জ থানার ওসি এনায়েত উদ্দিন জানান, কালীগঞ্জের বাইপাসে ট্রাকে ও উলুখোলা এলাকায় কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় দুইটি মামলা হয়েছে। একটিতে ৫৯ জনের নামোল্লেখসহ অজ্ঞাত পরিচয় ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
এ মামলায় স্থানীয় বক্তারপুর এলাকার বিএনপি’র কর্মী আওলাদ হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
অপর মামলায় ২০জনের নামোল্লেখসহ অজ্ঞাত পরিচয় ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
মামলা দু’টির বাদী হলেন গাড়ি দুইটির চালক আসাদুল হক ও আব্দুর রহিম।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিউর রহমান বলেন, অবরোধের আগের দিন সন্ধ্যায় দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে টঙ্গীর সেনা কল্যাণ ভবনের সামনে গাড়িতে অগ্নিসংযোগর ঘটনায় রোববার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।
এতে ৪০ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন বলেন, জৈনাবাজার ও ২নং সিএন্ডবি বাজার এলাকায় পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুইটি মামলা হয়েছে।
ওই ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ বিএনপি’র ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
জৈনার বাজারে পুলিশের উপর হামলার ঘটনায় এসআই আব্দুল আলীম বাদী হয়ে করা মামলায় ৮৭ জনের নামোল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৪৫০-৫০০ জনকে আসামি করা হয়েছে।
এছাড়া ২নং সিএন্ডবি বাজার এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় শ্রীপুর থানার এএসআই জালাল উদ্দিনের করা মামলায় ৩৬ জনের নামোল্লেখসহ অজ্ঞাত পরিচয় ১০০-১৫০ জনকে আসামি করা হয়।
নওগাঁ: অবরোধ চলাকালে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে চার আওয়ামী লীগ নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় মামলাটি দায়ের করা হয়।
রানীনগর থানায় কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইব্রাহিম আলী মন্ডলের এ মামলায় বিএনপি-জামায়াতের ৩৭ জনের নাম উল্লেখসহ ৭৭ জনকে আসামি করা হয়েছে।
তিনি বলেন, এই মামলায় উপজেলা বিএনপি শিক্ষা সম্পাদক মোস্তাক হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আনজীর হোসেন, বিএনপিকর্মী আব্দুল কুদ্দুস, আখতারুজ্জামান হিরু, ফারুখ হোসেন, মো. মিঠু, জিয়াউল ফকির ও মো. বাবু মোল্ল্যাকে গ্রেপ্তার করা হয়েছে।
রাণীনগর থানার ওসি শাহারিয়ার খাঁন জানান, রোববার দুপুরে উপজেলা বাসস্ট্যান্ডে বিএনপি’র মিছিল চলাকালে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনায় এ মামলা করা হয়েছে।
লক্ষ্মীপুর: অবরোধে গোলাগুলির ঘটনায় সদর থানায় ১২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
লক্ষ্মীপুর সদর থানার ওসি গোলাম সরোয়ার বলেন, অবরোধ কর্মসূচির নামে গাড়ি ভাংচুর, ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় এ মামলা দায়ের করা হয়েছে।
এসআই বেলাল হোসেনের করা এ মামলায় বিএনপির ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় এরা ১০০ জনকে আসামি করা হয়েছে।
নারায়ণগঞ্জ: অবরোধে কাঁচপুরসহ বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় ১৮ দলীয় জোট নেতাকর্মীদের বিরুদ্ধে চারটি মামলা হয়েছে।
মামলাগুলো হয়েছে সোনারগাঁও থানায় দুইটি, বন্দর থানায় একটি
সোনারগাঁও থানার ওসি হারুন অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাঁচপুর নয়ামাটি এলাকায় একটি মিনিবাসে আগুন দেয়ার ঘটনায় বাস মালিক রফিকুল ইসলাম নান্নু বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো অনেককে আসামি করে মামলা করেন।
অপরদিকে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা, ভাংচুর ও ক্ষতিসাধনের অভিযোগে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো অনেককে আসামি করে মামলা করেন।
বন্দর থানার থানার ওসি নুর মোহাম্মদ বলেন, লাঙ্গলবন্দে পুলিশের উপর হামলার ঘটনার কামতাল ফাঁড়ির ইনচার্জ এসআই আলীম হোসেন বাদী হয়ে করা এ মামলায় ৭২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো অনেককে আসামি করা হয়।
এছাড়া ট্রাকে আগুন দেয়ার ঘটনায় ট্রাক মালিক বাদী হয়ে এ থানায় একটি মামলা করেছেন বলে জানান বন্দর থানার ওসি।
মুন্সীগঞ্জ: পুলিশের উপর হামলায় বিএনপির দুই হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে পঁচাটি মামলা হয়েছে।
লৌহজং থানার ওসি মো. জাকিউর রহমান বলেন, মাওয়া চৌরাস্তার আশপাশ এলাকায় অবরোধ চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে।
লৌহজং থানায় করা এ মামলার বাদী হয়েছেন এসআই জাকির হোসেন। মামলায় ছয় জনের নাম উল্লেখ করে বিএনপির একাধিক নেতাকর্মীকে আসামি দেখানো হয়েছে।
সিরাজদিখান থানার ওসি মো. মাহাবুবুর রহমান জানান, কুচিয়ামোড়া এলাকায় পুলিশের উপর হামলা ও সংঘর্ষে ঘটনায় এসআই ঠাকুর দাস মালয় বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৮ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন।
নিমতলা এলাকায় একই অভিযোগে এসআই জাহিদ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
সদর থানার ওসি মো. আবুল বাসার বলেন, শহরের মুক্তারপুর সেতু এলাকায় বোমা হামলার ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে বিএনপির আড়াই শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা করেছেন।
সিপাহীপাড়া এলাকায় একই অভিযোগে এসআই ফরহাদ বাদী হয়ে সদর অজ্ঞাত পরিচয় আড়াই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।
সিরাজগঞ্জ: গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও পুলিশকে আহত করার ঘটনায় সিরাজগঞ্জে পাঁচটি মামলা হয়েছে। চার থানায় করা এ মামলাগুলোতে বিএনপির অন্তত ১১শ’ নেতাকর্মীকে আসামি করা হয়।
তিনটি মামলা করেছে পুলিশ এবং দুইটি করেছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। এসব মামলায় আট জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেতুর পশ্চিমপাড় মহাসড়কের কড্ডা মোড়ে অবরোধ চলাকালে বিভিন্ন যানবাহন ভাংচুর, বাসে আগুন দেয়ার ঘটনায় পুলিশ ৭০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৪/৫শ’ বিএনপি ও জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেছে।
এ মামলায় ঘটনাস্থল থেকে আটক ছাত্রদলকর্মী শহরের হোসেনপুর মহল্লার সোহেল রানা (২৬) ও শাহিনকে (২৮) গ্রেপ্তার দেখানো হয়েছে।
সদর থানার ওসি সোহরাব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাড়ি ভাংচুর ও পুলিশকে আহত করার অভিযোগে থানায় দুইটি মামলা হয়েছে।
পুলিশের করা এ মামলায় ৫৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ২/৩শ’ জনকে আসামি করা হয়েছে।
এ মামলায় ঘটনাস্থল থেকে আটক যুবদলকর্মী শহরের মিরপুর মহল্লার মেহেদী হাসান উজ্জ্বলকে (৩০) গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এছাড়া মোটরসাইকেল ভাংচুরের অভিযোগে সদর উপজেলার ধলডব গ্রামের হুমায়ুন কবীর বাদী হয়ে আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ১৫/২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
এ মামলায় বাগবাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা শামীমকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।
রায়গঞ্জ থানার ওসি আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাংচুর ও সংঘর্ষের ঘটনায় পুলিশ অজ্ঞাত পরিচয় ৫০/৬০ জনের বিরুদ্ধে একটি মামলা করেছে।
এ মামলায় ঘটনাস্থল থেকে আটক হওয়া বিএনপিকর্মী তাজউদ্দিন (৪০) ও ইনছাব আলীকে (৩৯) গ্রেপ্তার দেখানো হয়েছে।
এনায়েতপুর থানার ওসি ওয়াহেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোকান ভাংচুরের ঘটনায় এক ব্যবসায়ী বাদী হয়ে ৫০/৬০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
এ ঘটনায় বিএনপিকর্মী আল-আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, অবরোধ চলাকালে সংঘর্ষে নিহত জামায়াত নেতা ওয়ারেজ আলীর লাশ সোমবার সকালে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে, বলেন তিনি।
তাড়াশ থানার ওসি আতাাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যানবাহন ভাংচুরের অভিযোগে আটক বিএনপিকর্মী নজরুল ইসলাম ও রন্টু মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।
কক্সবাজার: পেকুয়া ও চকরিয়ায় বিএনপি ও জামায়াতের ৬৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
পেকুয়া থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, পেকুয়ায় হামলায় দুই পুলিশ আহত হওয়ার ঘটনায় করা মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩৪ জনকে আসামি করা হয়েছে।
আহত পুলিশ কনস্টেবল মোবারক হোসেনের করা এ মামলায় এজাহারভুক্ত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চকরিয়া থানার ওসি রণজিত কুমার বড়–য়া বলেন, পুলিশের উপর হামলা এবং চলাচলে প্রতিবন্ধতা সৃষ্টির অভিযোগে এসআই রুহুল আমিন বাদী হয়ে মামলা করেছেন।
এ মামলায় ১০০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ৫০০ জনকে আসামি করা হয়েছে।
মাদারীপুর: শিবচরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংর্ঘষের ঘটনায় দুটি মামলা হয়েছে।
পুলিশের করা একটি মামলায় বিএনপির ৬৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় সাড়ে ৪শ’ জনকে আসামি করা হয়।
অপর মামলাটি করেন যুবলীগ নেতা সেলিম মাদবর। এ মামলায়ও একই নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
শিবচর থানার ওসি একেএম মাসুদ বলেন, রোববারের ঘটনায় দুটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫০ ঘ.
bdnews24