ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচার শেষ করতে বিজয়ের মাসে ’৭১-এর মতো সবাইকে আরেকবার গর্জে ওঠার আহবান জানিয়েছেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের একাংশের আহ্বায়ক আব্দুল বাসেত মজুমদার।
পরিষদের উদ্যোগে সুপ্রিম কোর্টের উত্তর হলে এক সভায় এ আহবান জানান তিনি। বিরোধী জোটের হরতাল, ‘নৈরাজ্য ও নাশকতার’ প্রতিবাদে এই সভা ডাকা হয়।
আইনজীবীদেরকে ঐক্যবদ্ধভাবে এই ‘হামলা-নৈরাজ্য’ প্রতিহত করার আহবান জানিয়ে বাসেত মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার প্রায় শেষ পর্যায়ে এসেছে।
“আর এসব যুদ্ধাপরাধীকে বাঁচাতে জামায়াত-শিবির মরিয়া হয়ে উঠেছে। তাদেরকে এই বিজয়ের মাসে প্রতিহত করে যুদ্ধাপরাধের বিচার শেষ করে দেশকে রাজাকার মুক্ত করতে হবে।”
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ’৭১ সালের এই মাসে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল। এই বিজয়ের মাস আমাদের দীর্ঘ ত্যাগ-তিতিক্ষার ফসল। লক্ষ প্রাণের বিনিময়ে, লাখ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এই বিজয় অর্জন হয়েছিল।
“অথচ এই বিজয়ের মাসে একাত্তরের হানাদারদের দোসর রাজাকার, আলবদর, আল শামসদের শিষ্য জামায়াত-শিবির দেশে হরতালের নামে নৈরাজ্য, তা-ব চালাচ্ছে। দেশের সম্পদ ভাংচুর করে, অগ্নিসযোগ করে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে। পুলিশের ওপর হামলা চালাচ্ছে। আর এসবের পেছনে মদদ দিচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ও বিরোধী দল।”
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এম এ কুদ্দুস, বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক লায়েকুজ্জামান মোল্লা, এস এম আবুল হোসেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতর সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম, সাবেক সম্পাদক এ এম আমিন উদ্দিন, সাবেক সম্পাদক এস এম মুনীর, ড. বশিরউল্লাহ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/২১২৩ ঘ.
bdnews24