সিলেট, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবারের ডাকা হরতালের সমর্থনে সিলেট নগরীতে বিএনপি মিছিল বের করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
সোমবার বিকালে নগরীর চৌহাট্টা, জিন্দাবাজার, দরগাগেইট ও বন্দরবাজার এলাকায় এসব ঘটনায় ১০ নেতাকর্মী আহত হয় বলে দাবি করেছে বিএনপি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, বিকাল সাড়ে তিনটার দিকে নগরীর কোর্ট পয়েন্ট ও কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়ার জন্য বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে চাইলে নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, দরগাগেইট ও বন্দরবাজার এলাকায় পুলিশ মিছিলকারীদের লাঠিপেটা ও ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিতে চায়। পুলিশ তাদের ব্যানার ও মাইক ছিনিয়ে নেয়।
এ সময় বিএনপি কর্মীরা মারমুখী হলে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
নগরের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত ১০ কর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোবাশ্বির আলী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লাঠিপেটা করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮৪৬ ঘ.
bdnews24