ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের হরতালের আগের রাতে রাজধানীর খিলগাঁও, গ্রিনরোড, ফার্মগেট, নয়াবাজার ও মিরপুরে পাঁচটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে খিলগাঁও চৌরাস্তায় একটি বাসে আগুন দেয়া হয়।
খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে বলে জানান তিনি।
প্রায় একই সময়ে গ্রিনরোড-পান্থপথ ক্রসিংয়ে অন্য একটি বাসে আগুন দেয়া হয় বলে শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক আতাউর রহমান জানান।
ফরহাদুজ্জামান আরো বলেন, রাত সোয়া ৮টার দিকে নয়াবাজার এলাকায় একটি পিকআপে আগুন দেয়া হয়। এতে পিকআপ চালক মো. খোকনের হাত পুড়ে যায়। তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে রাত পৌনে ৯টায় ফার্মগেটের অনন্দ সিনেমা হলের সামনে একটি মিনি বাসে আগুন লাগে বলে জানান দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা জিয়াউর রহমান।
রাত নাড়ে নয়টার দিকে মিরপুর বাংলা কলেজের সামনে দুর্র্র্বৃত্তরা একটি বাসে আগুন দেয় বলে তিনি জানান।
রাত ১০টার দিকে জিয়াউর রহমান জানান, ঢাকা মহানগর ছাড়াও টঙ্গিতে তিনটি বাসে ও গাজীপুরের শিববাড়িতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
রোববার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শতাধিক গাড়ি ভাংচুর করা হয়।
অবরোধে ‘পুলিশ ও সরকার সমর্থকদের’ হামলার অভিযোগ এনে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/এইচএ/০০০১ঘ.
bdnews24