ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভার নির্মাণে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার কারণ জানতে চেয়েছে হাই কোর্ট।
একটি রিটের প্রাথমিক শুনানি শেষে রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই আদেশ দেয়।
একইসঙ্গে ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে হতাহতের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে এবং নির্মাণকাজে যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না- তাও জানাতে বলা হয়েছে।
এর জবাব দিতে যোগাযোগ সচিব, স্থানীয় সরকার সচিব, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রামের জেলা প্রশাসক, বহদ্দারহাট ফ্লাইওভারের প্রকল্প পরিচালক, ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসাইন লিমিটেড ও পারিশা ট্রেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দুই সপ্তাহ সময় পেয়েছেন।
এছাড়াও নির্মাণের সাপ্তাহিক পরিকল্পনা প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কেন দাখিল করা হবে না এবং ওই ফ্লাইওভার নির্মাণকাজ অভিজ্ঞ প্রকৌশলী দিয়ে তদারকির জন্য কেন নির্দেশ দেওয়া হবে না-তার কারণও জানাতে বলা হয়েছে।
এ বিষয়ে আদালতের আদেশ পাওয়ার এক মাসের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করতে বলেছে আদালত।
গত ২৬ নভেম্বর কক্সবাজারের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রায়হানুল মোস্তফার পক্ষে আইনজীবী মো. শোয়েব উদ্দিন খান এই রিট আবেদন করেন।
শুনানিতে আইনজীবী শোয়েব উদ্দিন খান বলেন, ২৯ জুন একই ধরণের আরো একটি ঘটনা ঘটেছিল। আমি সেখানে প্রত্যক্ষদর্শী ছিলাম। এই ফ্লাইওভারের গার্ডারের সঙ্গে পিলারের সংযোগ স্থাপনে আংটা লাগানো না হওয়ায় উভয় দুর্ঘটনা ঘটেছে। প্রথম ঘটনার পরে ব্যবস্থা নেয়া হলে এই মর্মান্তিক ঘটনা ঘটত না।
গত ২৪ নভেম্বর বহদ্দারহাটের শাহ আমানত সংযোগ সড়কের বহদ্দারবাড়ি পুকুরের সামনে ফ্লাইওভারের তিনটি গার্ডার ভেঙে পড়ে। এ ঘটনায় এ পর্যন্ত মোট ১৩ জনের লাশ উদ্ধার করা হয়। আহত হয় আরো অনেকে।
সিডিএর তত্ত্বাবধানে ২০১০ সালের ডিসেম্বরে ১ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয়, যাতে ব্যয় ধরা হয় ১০৬ কোটি টাকা। পারিশা এন্টারপ্রাইজ ও মীর আক্তার এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান এর নির্মাণ কাজ করছে।
চলতি বছরের ২৯ জুন একই ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়ে এক রিকশাচালক আহত হয়েছিলেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএএইচ/আরএ/১৯০৫ ঘ.
bdnews24