ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর ও রাজবাড়ীর নতুন জেলা প্রশাসকদের (ডিসি) কর্মস্থল বদল করা হয়েছে।
এতে রাজবাড়ীর ডিসি হিসেবে বদলির আদেশ পাওয়া মঈনুদ্দিন আহমেদকে ফরিদপুর এবং ফরিদপুরের ডিসি হিসেবে বদলির আদেশ পাওয়া হাসানুজ্জামান কল্লোলকে রাজবাড়ীর ডিসি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে রোববার তাদের জেলা বদল করা হয়।
গত ২৬ নভেম্বর জারি করা আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের ডিসি নিয়োগ করে। এর আগে মঈনুদ্দিন নজরুল ইনস্টিটিউটের সচিব এবং কল্লোল সংসদ উপনেতা সাজেদা চৌধুরী একান্ত সচিব ছিলেন।
সংসদ উপনেতা সাজেদা ফরিদপুরের নগরকান্দা এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য।
এছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব ফেরদৌসী আখতারকে আইএমইডি এবং পরিকল্পনা বিভাগের উপসচিব আবদুস সাত্তার সরকারকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শাহ মো. আবু রায়হান আলবেরুনীকে বদলি করা হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব (আইন কর্মকর্তা) পদে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ নজরুল ইসলামকে একই মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে কক্সবাজারের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে দায়িত্ব পালনের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
ওএসডি জ্যেষ্ঠ সহকারী সচিব লুৎফর রহমানকে সিলেটের জালালাবাদ সেনানিবাসের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার (সিইও) পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৭২৫
bdnews24