ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের রাজপথ অবরোধ কর্মসূচির আটঘণ্টা প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ঢিলেঢালা কাজ হয়েছে।
অবরোধের কারণে পরিবহন সংকটে সকালের দিকে সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি অনেকটা কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের উপস্থিতিও বাড়তে থাকে।
তবে দর্শনার্থীদের উপস্থিতি ছিল একদমই কম।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রোববার ভোর ৬টা থেকে সারাদেশে আট ঘণ্টার এই রাজপথ অবরোধের কর্মসূচি পালন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
অবরোধকে কেন্দ্র করে সচিবালয় ও এর আশপাশের এলাকা ও সড়কগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
সচিবালয় সংলগ্ন সড়কগুলোর একাংশে কোন ধরনের যানবাহনও চলাচল করতে দেয়া হয়নি।
ভোর থেকেই তৎপরতা শুরু করেন সচিবালয়ে দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা কর্মকর্তারা। নিরাপত্তার দায়িত্ব পাওয়া পুলিশ কর্মকর্তারা পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয়।
শিক্ষা মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে দেখা যায়, সকাল থেকে এসব দপ্তরে উপস্থিতি কিছুটা কম ছিল। পরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি বাড়তে থাকে।
সচিবালয়ের পাশেই ওসমানি স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকায় সকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সবাই সেখানে যান।
অনুষ্ঠান শেষে অনেকেই সচিবালয়ের দপ্তরে আসেন। এ সময় তারা বিভিন্ন এলাকার অবরোধ কর্মসূচির খোঁজখবর নেন।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, যেসব কর্মকর্তার নিজস্ব গাড়ি রয়েছে, তারা নিধালিত সময়ে দপ্তরে আসেন। তবে পাবলিক পরিবহনে করে যারা অফিস করেন, তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৪২০ ঘ.
bdnews24