ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খান সারওয়ার মুরশিদকে বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
দুই মাসের মধ্যে তৃতীয়বার স্ট্রোক করার পর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খান সারওয়ার মুরশিদকে শনিবার বিকালে মৃত ঘোষণা করেন রাজধানীর অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকরা।
তার পারিবারিক বন্ধু আমিনুর রহমান রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে খান সারওয়ার মুরশিদের মরদেহ অ্যাপোলো হাসপাতাল থেকে গুলশান আজাদ মসজিদে এনে কাফন পড়ানো হয়। এরপর দুপুর পর্যন্ত রাখা হয় গুলশানের ১২১ নম্বর রোডে এই অধ্যাপকের বাড়িতে।
খান সারওয়ার মুরশিদকে শেষবারের মতো দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা সাড়ে ১২টার দিকে গুলশানের বাসায় যান। এ সময় তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং মরহুমের আত্মার শান্তি কামনায় মুনাজাত করেন।
এরপর এই শিক্ষকের মরদেহ নিয়ে যাওয়া হয় গুলশানের আজাদ মসজিদে। সেখানে প্রথম জানাজা শেষে কফিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে নিয়ে যাওয়া হবে বলে আমিনুর রহমান জানান।
এরপর খান সারওয়ার মুরশিদের মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে
সম্মিলিত সাংস্কৃতিক জোটের তত্ত্বাবধানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ।
বিকেল ৪টায় শহীদ মিনার থেকে কফিন নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে বিকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে এই শিক্ষককে দাফন করা হবে বলে আমিনুর রহমান জানান ।
পর পর দুইবার স্ট্রোকে আক্রান্ত হয়ে গত অক্টোবর থেকে অ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন ৮৮ বছর বয়সী খান সারওয়ার মুরশিদ। তার মস্তিষ্কেও ব্যাপক রক্তক্ষরণ হয়।
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিতে চাওয়া হলেও সেখানকার চিকিৎসকরা কোনো আশা দিতে না পারায় তাকে ঢাকাতেই রাখা হয়।
শনিবার তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোক বার্তায় বলেন, এই শিক্ষাবিদ ও সমাজ সংস্কারকের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খান সারওয়ার মুরশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়েও পড়িয়েছেন। তার ছাত্রদের মধ্যে রয়েছেন কবি শামসুর রাহমান, আব্দুল মান্নান সৈয়দ, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী প্রমুখ।
খান সারওয়ার ২০১০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। মুজিব নগর সরকারের পরিকল্পনা কমিশনের সদস্যও ছিলেন তিনি। স্বাধীনতার পর তিনি পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
খান সারওয়ার মুরশিদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক চেয়ারম্যান। মৃত্যুর সময় এর ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন তিনি।
খান সারওয়ার মুরশিদের স্ত্রী প্রয়াত নূরজাহান মুরশিদ বঙ্গবন্ধু সরকারের প্রতিমন্ত্রী ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউএম/জেকে/১৩৪৫ ঘ.
bdnews24