২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলের বক্তব্য পাগলের প্রলাপ: টুকু

সরকারের লোকেরা ‘শান্তিপূর্ণ’ অবরোধ কর্মসূচিতে নাশকতা সৃষ্টি করে বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে বলে যে অভিযোগ বিএনপি মুখপাত্র করেছেন তাকে ‘পাগলের প্রলাপ’ বলে উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 06:43 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের লোকেরা ‘শান্তিপূর্ণ’ অবরোধ কর্মসূচিতে নাশকতা সৃষ্টি করে বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে বলে যে অভিযোগ বিএনপি মুখপাত্র করেছেন তাকে ‘পাগলের প্রলাপ’ বলে উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। রোববার বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের বলেন, “ওই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এটা পাগলের প্রলাপ।” তিনি বলেন, “মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন, আর জনগণ প্রতিরোধ গড়ে তুলেছিল। তেমনি বিরোধী দলের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতিবাদে জনগণ আবারো প্রতিরোধ গড়ে তুলবে।” এর আগে সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “ঢাকাসহ সারাদেশে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি চলছে। আমাদের কাছে এখন পর্যন্ত খবর- জনগণ সর্বত্র নির্দলীয় সরকারের দাবির সমর্থনে রাজপথে নেমে এসেছে।... এই কর্মসূচিতে বাধা দিয়ে বিভিন্ন স্থানে সংহিসতা ও অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ভীতির সৃষ্টি কর হচ্ছে। এটি সরকারের এজেন্টদেরই অপকর্ম।” নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রোববার ভোর ৬টা থেকে সারাদেশে আট ঘণ্টার এই রাজপথ অবরোধের কর্মসূচি পালন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বিএনপিকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়ে টুকু বলেন, “তারা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে পারেনি। ত্রিশ লাখ মানুষকে হত্যা করেও তারা পরাস্ত হয়েছে। এ থেকেই তাদের শিক্ষা নেয়া দরকার।” বিএনপি এখন যে কর্মসূচিই ডাকুক, দেশের মানুষ জেগে উঠে তা প্রতিরোধ করবে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। চট্টগ্রামের কর্মসূচির কথা উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “সেখানে পুলিশের ভূমিকা খারাপ ছিল না, তারা শান্তিপূর্ণ কর্মসূচিকে সহায়তা করেছে। কিন্তু এই অবরোধ কর্মসূচির নামে তারা লাঠি, ফলা, সড়কি নিয়ে বিক্ষোভ করছে।” টুকুর ভাষায়, কথা দিয়ে তা না রাখাই বিএনপির ‘অভ্যাস’। “তারা বলেছিল অবরোধ করবে। কিন্তু তারা গত সন্ধ্যা থেকে শুরু করে রাতভর অগ্নিসংযোগ ও গাড়ি ভাংচুর করেছে। লাঠিসোটা ও ফলা নিয়ে জনগণের ক্ষতি করেছে, জনদুর্ভোগ সৃষ্টি করছে। তাদের স্বভাবজাত ও চিরাচরিত কাজ করছে, যা রাজনৈতিক শিষ্ঠাচার বহির্ভূত।” পুলিশের উপস্থিতিতে সড়ক অবরোধ এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হওয়াটা ব্যর্থতা কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনী ধৈর্য্য ধরে পরিস্থিতি সামাল দিচ্ছে।” বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ‘গণবিরোধী’ কর্মসূচির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন দেশবাসীর প্রতি আহবান জানান প্রতিমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১২২৫ ঘ.