ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো।
তারানকোরের নেতৃত্বে জাতিসংঘের চার সদস্যের প্রতিনিধি দল রোববার সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বলে প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব বিজন লালদেব সাংবাদিকদের জানান।
আগামী নির্বাচন পর্যবেক্ষণে আসা তারানকো ইতোমধ্যে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গেও আলোচনা করেছেন তিনি।
বিজন লালদেব জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার শুরুতেই অস্কার ফার্নান্দেজ-তারানকো বলেন, সফলতার ক্ষেত্রে বাংলাদেশ একটি উদাহরণ।
বৈঠকে আগামী জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয় বলে জানান বিজন। প্রধানমন্ত্রী নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে আগামী নির্বাচনে পর্যবেক্ষণেও তাদের প্রতি আহ্বান জানান।
বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে বিভিন্ন উপ-নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যায়ে প্রায় ৬ হাজার নির্বাচন অনুষ্ঠানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ওই নির্বাচন নিয়ে কেউ কোনো অভিযোগ তুলতে পারেনি।
সরকারের পক্ষ থেকে কোনো নির্বাচনেই হস্তক্ষেপ করা হয়নি, বলেন তিনি।
টাঙ্গাইল-৩ উপ-নির্বাচনে সরকারি দলের প্রার্থীর পরাজয়ের কথাও তুলে ধরেন শেখ হাসিনা।
সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতের ওপর জোর দিয়ে তিনি বলেন, তার সরকার জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। যেন প্রার্থীদের জনগণের কাছে যেতে হয়। এতে জনগণ সিদ্ধান্ত নিতে পারবে।
প্রধানমন্ত্রী আরো বলেন, তিনি সারা জীবন সাধারণ মানুষের অধিকারের জন্য সংগ্রাম করে গেছেন। তিনি তার সংগ্রামের আর পুনরাবৃত্তি চান না।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে জাতিসংঘের রাজনীতি বিষয়ক বিভাগের নির্বাচন সহায়তা পরিচালক ক্রেইগ জানেস, রাজনীতি বিষয়ক বিভাগের দক্ষিণ এশিয়ার উপ-প্রধান হিতোকি দেন এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক নিল ওয়াকারও ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১০৬ ঘ.
bdnews24