২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি যাওয়া তৈরি পোশাক উদ্ধার

চট্টগ্রামের পাহাড়তলী থেকে চুরি যাওয়া বিপুল পরিমাণ রপ্তানিযোগ্য তৈরি পোশাক রাজধানী থেকে মিরপুর থেকে উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 03:33 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পাহাড়তলী থেকে চুরি যাওয়া বিপুল পরিমাণ রপ্তানিযোগ্য তৈরি পোশাক রাজধানী থেকে মিরপুর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে ঢাকার টঙ্গী ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ৭১ লাখ টাকা মূল্যের তৈরি পোশাক উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পাহাড়তলী থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম। চুরির সঙ্গে জড়িত অভিযোগে মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানের চালকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- আবদুস সালাম (৪১), কাভার্ড ভ্যান চালক শাহাদাত হোসেন সুমন (২৭), সহযোগী মোহাম্মদ ফারুক (১৮) ও আসাদুজ্জামান রনি (৪০)। গত ২৯ নভেম্বর রাতে গাজীপুরের ক্যাসেপিয়া অ্যাপারেলসের বিপুল পরিমাণ তৈরি পোশাক রপ্তানির জন্য কাভার্ড ভ্যানে করে চট্টগ্রাম বন্দরে নেওয়া হচ্ছিল। এসআই নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই দিন রাতে পোশাকভর্তি কাভার্ড ভ্যানটি পাহাড়তলীর সাগরিকা এলাকায় পৌঁছালে চোরচক্র কৌশলে ওটার নিয়ন্ত্রণ নিয়ে ভেতরে থাকা পোশাক বের করে সেখানে ইট ও বালি ঢুকিয়ে দেয়। পরে ভ্যানটি সাগরিকা এলাকার শফি মোটরসে ফেলে রাখা হয়। পরদিন পণ্যের জাহাজিকরণের জন্য তা খোলা হলে সেখানে ইটের টুকরো ও বালি পানি পাওয়া যায়। নুরুল ইসলাম বলেন, এ ঘটনায় পণ্য পরিবহণের কাজে নিয়োজিত কোহিনুর ট্রান্সপোর্ট সার্ভিসের পক্ষে একে এম নুরুল হক সুমন বাদি হয়ে পাহাড়তলী থানায় একটি মামলা করেন। এই পুলিশ কর্মকর্তা আরো জানান, শুক্রবার রাতে টঙ্গী ও মিরপুরে অভিযান চালিয়ে এসব তৈরি পোশাক উদ্ধার এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা এঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরো সাত জনের নাম জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। বডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএএইচ/২১২৮ ঘ.