ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিন না দেয়ায় ‘ইসলামের শত্রু’ আখ্যা দিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমসহ কয়েকজন বিচারককে হত্যার হুমকি দেয়া হয়েছে।
শনিবার বিকেল পৌনে ৫টায় ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহার মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে এ হুমকি দেয়া হয়। এ ঘটনায় রাজধানীর কোতয়ালি থানায় একটি জিডি করা হয়েছে।
একই সময় আরো সাত থেকে আট জন মহানগর হাকিমের মোবাইলেও একই এসএমএস পাঠানো হয় বলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের নাজির (নেজারত প্রধান) মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলা লিংকের একটি নম্বর থেকে এসএমএসটি বিচারকের মোবাইলে আসে।
“তোরা ইসলামের এনিমি। তোরা ইসলামের নেতা/কর্মীদের জামিন না দিয়ে তাদের আটক রাখছো। পুলিশকে মারার পরে এখন তোদেরকে তোদের পরিবারের মেম্বারদেরসহ রগ কাটব। তোদের জীবনে মারব। বি রেডি। আল্লাহ আকবর,” লেখা হয় ওই এসএমএসে।
নাজির মাহবুবুল বলেন, সম্প্রতি পুলিশকে মারধর ও হত্যা চেষ্টা, তাদের কাজে বাধা দান, গাড়ি পোড়ানো ইত্যাদির অভিযোগে রাজধানীসহ সারাদেশে জামায়তে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে যে সব মামলা হয়েছে সেগুলোতে জামিন না পেয়ে তাদের পক্ষ থেকে এ হুমকি দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রাতেই কোতোয়ালি থানায় এ বিষয়ে একটি জিডি করেছেন বলে জানান নাজির মাহবুবুল। ওই নম্বর ব্যবহারকারীকে শিগগিরই খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবেও তিনি উল্লেখ করেন।
যুদ্ধাপরাধের মামলায় আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে নভেম্বর মাসের শুর“ থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা ও ভাংচুর চালিয়ে আসছে জামায়াত-শিবির কর্মীরা।
এসব ঘটনায় এ পর্যন্ত দেড়শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে প্রায় তিন হাজার জামায়াত কর্মীকে।
এর আগে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারক ও মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবীদের এ ধরনের হুমকি দেয়া হয়। এছাড়া যুদ্ধাপরাধের বিচার শুরুর সময় আইন প্রতিমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলসহ বেশ কয়েকজনকে হাতে লেখা চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়।
২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে বোমা হামলা চালিয়ে বিচারক জগন্নাথ পাড়ে ও সোহেল আহমেদকে হত্যা করে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্যরা।
ওই মামলায় জেএমবি নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, আতাউর রহমান সানি, আবদুল আউয়াল, খালেদ সাইফুল্লাহ, ইফতেখার আল মামুন, আসাদুল ইসলাম আরিফের বিরুদ্ধে ফাঁসির রায় দেয় আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/২৩২৮ ঘ.
bdnews24