২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ষোলআনাই শিক্ষক’

খান সারওয়ার মুরশিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার ছাত্র অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 01:34 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খান সারওয়ার মুরশিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার ছাত্র অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শিক্ষকের মৃত্যুতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুহিত বলেন, “তিনি ছিলেন ষোলআনাই শিক্ষক। আজীবন তা দান করে গেছেন।” শনিবার সন্ধ্যায় সিলেটে অবস্থানরত অর্থমন্ত্রী মুহিতের হাতে লেখা এ প্রতিক্রিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে পাঠানো হয়। বিকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে সারওয়ার মুরশিদের মৃত্যু হয়। পর পর দুইবার স্ট্রোকে আক্রান্ত হয়ে গত অক্টোবর থেকে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শোক প্রকাশ করেছেন। অর্থমন্ত্রী বলেন, “১৯৫১ সালে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন তিনি আমার শিক্ষক ছিলেন এবং আজীবন সে ভূমিকা পালন করেছেন। সব সময় প্রগতিশীল চিন্তাধারার ধারক ও বাহক ছিলেন তিনি। তিনি ছিলেন ষোলআনা শিক্ষক এবং সব সময় ছাত্রদের তা দান করেছেন।” সারাজীবন তিনি শিক্ষার্থীদের মধ্যে প্রগতিশীল চিন্তা-ধারা ছড়িয়ে গেছেন মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, “শিক্ষার্থীদের চিন্তার বাধা উন্মুক্ত করেছেন তিনি এবং তাদেরকে বিখ্যাত সব মনীষী ও চিন্তাধারার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। “শিক্ষাক্ষেত্রে গণতন্ত্র ও স্বশাসনের প্রবক্তা ছিলেন তিনি। কখনো সে আদর্শ থেকে বিচ্যুত হননি।” তার মৃত্যুতে জাতি একজন গুরুজন ও অভিভাবককে হারিয়েছে বলে মন্তব্য করেন মুহিত। খান সারওয়ার মুরশিদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, “তার ছেলে-মেয়ে সকলেই আমার ঘনিষ্ঠ। তাদেরকে জানাই আন্তরিক সহানুভূতি।” প্রয়াত শিক্ষককের আত্মার শান্তি কামনা করে তিনি বলেন, “প্রার্থনা করি, আমার শিক্ষক যেন শান্তিতে থাকেন। তার উত্তরাধিকারীরাও শান্তিতে থাকে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএইচসি/এএইচ/জিএনএ/১৯৩১ ঘ.