সাভার, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়তলা ভবনের ওই কারখানা থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ২০ শ্রমিক আহত হয়েছে।
শনিবার বিকেল ৩টার দিকে আশুলিয়ার জিরাব এলাকায় ডিজাইনটেক্স ফ্যাশন লিমিটেড নামের ওই কারখানার ছয় তলায় গুদামে আগুন লাগে বলে জানান শিল্প পুলিশের পরিচালক গোলাম রউফ খান।
কারখানা কর্তৃপক্ষ নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্রের মাধ্যমে আধা ঘণ্টার মধ্যেই আগুন নিভিয়ে ফেলে। তবে এতে গুদামের কিছু কাপড় পুড়ে যায়।
গোলাম রউফ বলেন, ছয় তলায় একপাশে গুদাম থাকলেও আরেক পাশে ৭০/৮০ জন শ্রমিক কাজ করেন।
আগুনের ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে শ্রমিকরা তাড়াহুড়ো করে নামতে গিয়ে কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আগুন নিভে গেলে অধিকাংশ শ্রমিক কাজে যোগ দিলেও আতঙ্কগ্রস্ত হয়ে অনেকে বাড়ি চলে যান বলে জানান তিনি।
শিল্প পুলিশের কর্মকর্তা রউফ বলেন, “কারখানায় কেউ আগুন লাগিয়ে দিয়েছে বলে আমরা ধারণা করছি। কারণ ওই স্থানে বিদ্যুতের কোনো সংস্পর্শ নেই। তাই শর্ট সার্কিটের প্রশ্নই ওঠে না।”
তবে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
গত ২৪ নভেম্বর আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১১ জন শ্রমিক নিহত হয়। এরপর থেকেই সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ছে শ্রমিকরা। গত কয়েক দিনে আগুন আতঙ্কে হুড়োহুড়িতে শ্রমিক আহত হওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৮৪৯ ঘ.
bdnews24