২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিডনি মামলা: ‘অভিযোগপত্রে নেই প্রভাবশালীরা’

জয়পুরহাটের কিডনি বেচাকেনা মামলার অভিযোগপত্র থেকে প্রভাবশালীদের বাদ দেয়ার অভিযোগ করেছে এলাকাবাসী।

মোমেন মুনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 12:40 PM

Updated : 25 Apr 2022, 10:00 PM

এক বছরেরও বেশি সময় পর এ মামলার অভিযোগপত্র প্রস্তুত হয়েছে। ডিসেম্বরের মধ্যেই আদালতে জমা দেয়া হতে পারে বলে পুলিশ জানিয়েছে।

জয়পুরহাটের কালাই উপজেলার বিভিন্ন গ্রামের অভাবী মানুষকে অথের্র লোভ দেখিয়ে কিডনি বিক্রি করতে উৎসাহিত ও বাধ্য করার অভিযোগে গত ২০১১ সালের ২৯ অগাস্ট থানায় মামলা হয়।

কালাই থানার ওসি নুর হোসেন বলেন, এ মামলায় ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) প্রস্তুত করেছে পুলিশ।

বারবার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের কারণে অভিযোগপত্র প্রস্তুত করতে বিলম্ব হয় বলে জয়পুরহাটের পুলিশ সুপার জানিয়েছেন।

এরপর দীর্ঘ এক বছরে এ মামলার দুই জন তদন্তকারী কর্মকর্তা (কালাই থানার ওসি) বদলির পর তৃতীয় তদন্তকারী কর্মকর্তা কালাই থানার ওসি হিসেবে নুর হোসেন যোগদানের দেড় মাসের মধ্যেই অভিযোগপত্র প্রস্তুত করেন।

এ মামলার দুই তদন্ত কর্মকর্তা পরিবর্তনের পর দায়িত্ব পান নুর হোসেন। তকেও বদলী করা হয়েছে। তিনি অভিযোগপত্র প্রস্তুত করেন।

নুর হোসেন সাংবাদিকদের বলেন, “কালাই থানায় যোগদানের কিছুদিনের মধ্যে এখান থেকে আবারো আমার বদলী আদেশ হওয়াই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে দ্রুত এ মামলার অভিযোগপত্র প্রস্তুত করতে হয়েছে।”

অভিযোগপত্রে রয়েছেন কালাইয়ের বহুতি গ্রামের ‘দালাল’ আব্দুস সাত্তার (৩৮), গোলাম মোস্তফা (৩৭), জয়পুর বহুতি গ্রামের আব্দুল মান্নান (৩২), মোশারফ হোসেন (৩৫), মোকারম হোসেন (৩৫), ভেরেন্ডি গ্রামের আক্তার আলম (৩২), ফারুক হোসেন (২৫), জাহিদুল ইসলাম (৩০), তোজাম উদ্দিন (৩১), বাগইল গ্রামের সামছুল ইসলাম (২৪), বাগেরহাটের মোল্লারহাট উপজেলার মোল্লারপুর গ্রামের সাইফুল ইসলাম (৩৫), শরিয়তপুরের নড়িয়া উপজেলার দিনারা গ্রামের মাহমুদুর রহমান সুজন (৩৩), নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর চাষারার নাফিজ মাহমুদ অতনু (৩২) এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছোট হোসেনপুর রাজাগঞ্জ গ্রামের তারেক আজম ওরফে বাবুল চৌধূরী (৪৫)।

এলাকাবাসী জানান, এ ঘটনায় জড়িত একাধিক দালাল ও কিডনি বিক্রেতা অপরাধচক্রে ঢাকার নামকরা কয়েকটি হাসপাতাল এবং কয়েকজন চিকিৎসকের সম্পৃক্ততার কথা জানালেও এদের কাউকে আসামি করা হয়নি। অথচ কয়েকজন নিরীহ কিডনিদাতাকে আসামি করা হয়েছে।

তবে, কয়েকজন চিকিৎসককে মামলায় সাক্ষী করা হয়েছে।

ভেরেন্ডি গ্রামের আখতার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভাবে পড়ে একটি কিডনি বিক্রি করেছিলাম। পাঁচ লাখ টাকা দেয়ার লোভ দেখালেও কিডনি নেয়ার পর দালালরা আমাকে এক লাখ ২০ হাজার টাকা দেয়।”

“আর এখন আমাকেই কিডনি মামলার আসামি করা হয়েছে,” বলেন তিনি।

একই গ্রামের বৃদ্ধ আব্দুল হাকিম চৌধূরী বলেন, আখতার আলম অভাবের কারণে শুধু তারই কিডনি বিক্রি করেছে, কাউকেই কিডনি বিক্রি করতে বলেনি।

এছাড়া ২/৩ জন সাংবাদিক ও পুলিশকে এ ব্যাপারে প্রথম তথ্য সরবরাহকারী গোলাম মোস্তফার নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করায় বিস্ময় প্রকাশ করেছেন ভেরেন্ডি গ্রামের মাসুদ রানা, কিডনি দাতা সেলিনা বেগম, শাহারুলসহ এলাকার অনেকেই।

এলাকাবাসীর সঙ্গে একমত প্রকাশ করেন স্থানীয় মাত্রাই ইউপি চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে রহস্যজনক কারণে এ মামলা থেকে ঢাকার রাঘব-বোয়ালদের বাদ দিয়ে এবং ৩/৪ জন নিরীহ মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি এ মামলার পুনঃতদন্তের দাবি করেন।

এ ব্যাপারে জয়পুরহাট আদালত পুলিশ পরিদর্শক এম আউয়াল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগপত্র এখনো পাইনি। তবে অভিযোগপত্র প্রস্তুত করার আগে তদন্ত প্রতিবেদনের জন্য অনুমোদন দেয়া হয়েছে বলে জেনেছি।’

এরপর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে দাখিলের জন্য অভিযোগপত্র আদালত পুলিশের কাছে জমা দেবেন। তারপর যাচাই-বাছাই হবে। তখন কোনো অসঙ্গতি পাওয়া গেলে পুনরায় ফেরত পাঠানোরও বিধান রয়েছে।

ওই সময়ের জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক বলেছিলেন, ১৯৯৯ সালের মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন আইন অনুযায়ী কিডনি ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। কেউ ক্রয়-বিক্রয় করলে জড়িতদের সাত বছরের কারাদণ্ড এবং এরসঙ্গে জড়িত চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিলসহ তারও সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

জয়পুরহাটের বর্তমান এসপি হামিদুল আলম বলেন, তদন্তে ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের আসামি করে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে।

“রাঘব-বোয়াল বলতে কেউ নেই। তাই ঢাকার যেসব চিকিৎসা প্রতিষ্ঠানে কিডনি স্থানান্তর করা হয়েছে পুলিশ মামলার স্বার্থে সেখানকার চিকিৎসকদের সাক্ষী করেছে,” বলেন এসপি হামিদুল।

বারবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হওয়ার কারণে অভিযাগপত্র দিতে দেরি হচ্ছে বলে তিনি জানান।

কালাই উপজেলার ভেরেন্ডি, বহুতি, জয়পুর বহুতি, দুর্গাপুর ও রাঘবপুরসহ প্রায় ২০টি গ্রামের অর্ধশতাধিক দরিদ্র মানুষ স্থানীয় দালালদের সহযোগিতায় ঢাকায় কিডনি ও যকৃত বিক্রি করে। গত বছরের ২৯ অগাস্ট কালাই থানায় এ ব্যাপারে মামলা হয়। এ ঘটনায় জয়পুরহাট, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিডনি বেচা-কেনায় জড়িত অভিযোগে ১০ ‘দালালকে’ গ্রেপ্তার করা হয়। এরা এখন জামিনে মুক্ত আছেন।