২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চার বছরে এক লাখ বায়োগ্যাস প্ল্যান্ট হবে’

২০১৬ সালের মধ্যে দেশে এক লাখ বায়োগ্যাস প্ল্যান্ট তৈরির পরিকল্পনা নিয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 10:40 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১৬ সালের মধ্যে দেশে এক লাখ বায়োগ্যাস প্ল্যান্ট তৈরির পরিকল্পনা নিয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। বায়োগ্যাস সপ্তাহ উপলক্ষে শনিবার রাজধানীতে এক র‌্যালিতে অংশ নিয়ে ইডকলের মহাব্যবস্থাপক এস এম মনিরুল ইসলাম বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে ৩৫ হাজার টাকা খরচ হলেও এর মধ্যে ৯ হাজার টাকা অনুদান দেয় ইডকল। একইসঙ্গে ৫ বছরের নির্মাণ গ্যারান্টি ও ৩ বছরের নির্মাণ পরবর্তী সেবা দেওয়া হয়। “ইডকল ২০১৬ সালের মধ্যে দেশে এক লাখ বায়োগ্যাস প্ল্যান্ট তৈরির পরিকল্পনা নিয়েছে”, বলেন তিনি। মনিরুল ইসলাম জানান, ২০০৬ সাল থেকে শুরু হওয়া এ প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত ২৫ হাজার ৫০০টি প্ল্যান্ট তৈরি করা হয়েছে। বায়োগ্যাস সপ্তাহ উপলক্ষে জাতীয় গার্হস্থ্য বায়োগ্যাস ও জৈবসার কর্মসূচির আওতায় ইডকল ও এর সহযোগী সংস্থা এ র‌্যালির আয়োজন করে। ‘গ্যাসের চুলায় সুবিধা কতো, গ্রামে থেকেও শহরের মতো, ধোঁয়া কালি আর না, বায়োগ্যাসে করবো রান্না’ এ শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপী উদযাপিত হয় এ কর্মসূচি। এ উপলক্ষে রাজধানীতে শনিবার সকালে ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি, রঙিন ব্যানার, ফেস্টুন নিয়ে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। সকাল ১১টার দিকে শহীদ মিনার চত্বরে র‌্যালির উদ্বোধন করেন ইডকলের উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম ফরমানুল ইসলাম। র‌্যালিটি শহীদ মিনার থেকে দোয়েল চত্বর হয়ে জাতীয় যাদুঘরের সামনে গিয়ে শেষ হয়। বাংলাদেশে স্থানীয় বিভিন্ন সহযোগী সংস্থার সহযোগিতায় বায়োগ্যাস ও জৈবসার কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা দিয়েছে এসএনভি-নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং কেএফডব্লিউ-জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক। বায়োগ্যাস সপ্তাহ ২০১২ উদযাপন কার্যক্রমে মিডিয়া পার্টনার ছিল সময় টেলিভিশন, রেডিও এবিসি এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/১৬৩০ ঘ.