সাতক্ষীরা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় এক শিক্ষকের জমি থেকে কেটে আনা ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ধুলিহর বাজারখোলা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শী ও পুলিশ।
ক্ষতিগ্রস্ত ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, ২২ বিঘা জমির ধান কেটে বাড়ির পাশে রাখা হয়েছিল। রাত ১টায় দুবৃর্ত্তরা সেই ধানে আগুন লাগিয়ে দেয়।
আগুন জ্বলতে দেখে লোকজন ছুটে এসে দমকল বাহিনীকে খবর দেয়। সাতক্ষীরা থেকে দমকল বাহিনীর একটি ইউনিট এসে এক ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে থানায় মামলা করবেন বলে জানান মুক্তিযোদ্ধা এই শিক্ষক।
সদর থানার ওসি গাজী মো. ইব্রাহিম ধান পুড়িয়ে ফেলার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মামলার প্রস্তুতি চলছে।
রামচন্দ্রপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিজয়ের মাসে এ ঘটনা মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১০০ ঘ.
bdnews24