নিউইয়র্ক, ৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বাইরে ব্যবসা ও কারখানায় বিনিয়োগের ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলোকে কর্মস্থলে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা জানান উপ-মুখপাত্র মার্ক সি টোনার।
বাংলাদেশের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনাকে ভয়ঙ্কর ও মর্মান্তিক হিসেবে অভিহিত করে নিহতদের স্বজনের প্রতি গভীর সমবেদনা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
ওই অগ্নিকাণ্ডে অকল্পনীয় ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে সি টোনার বলেন, “বিদেশে যেখানেই হোক, আমরা অবশ্যই সব সময় নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে থাকি। দেশের বাইরে কর্মকাণ্ড পরিচালনায়, ব্যবসায় ও কারখানায় বিনিয়োগে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো কর্মস্থলের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করুক- তা আমরা চাই।”
বাংলাদেশে তৈরি পোশাকের কারখানাগুলোতে দুর্বল স্থাপনা ও নিরাপত্তার কারণে এবং শ্রমিকদের মানবাধিকার না থাকায় অনেক শ্রমিকের মৃত্যু হয়েছে- ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে যুক্তরাষ্ট্র কী ধরনের সহযোগিতার কথা চিন্তা করছে তা জানতে চাইলে এসব কথা বলেন তিনি।
গত ২৪ নভেম্বর রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তাজরীন ফ্যাশনস ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১১১ জন শ্রমিকের মৃত্যু হয়।
এর পর যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বাংলাদেশের পোশাক কারখানায় কাজের পরিবেশ ও শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে।
এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পোশাক তৈরি কারখানাগুলোর বৈদ্যুতিক ও অগ্নি নিরাপত্তা বাড়ানোর একটি উদ্যোগে বিরোধিতা করেছিল ওয়ালমার্ট। অথচ বিশ্বের সবচেয়ে বড় এই রিটেইলার কোম্পানির পোশাক তৈরির কাজ চলছিল তাজরীন ফ্যাশনসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এসইউ/১৬১৮ ঘ.
bdnews24