নরসিংদী, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাছবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ব্যাটারি চালিত একটি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার ধুকন্দী এলাকায় এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হন।
নিহতরা হলেন- বারৈচা কলেজের একাদশ শ্রেণির ছাত্র রুবেল (১৮), শারমিন (১৮) ও নারায়নপুর গ্রামের আশাব উদ্দীন (৫৫)।
আহত মিনারা বেগম (১৭), সাবিনা বেগম (১৮), মোশারফ হোসেনকে (২৫) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বেলাব থানার ওসি সাইদুর রহমান জানান, ট্রাকটি ঢাকা থেকে মাছ নিয়ে সিলেট যাওয়ার পথে ধুকন্দী থেকে বারৈচাগামী অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে অটোরিকশার যাত্রী রুবেল, শারমিন ও আশাব ঘটনাস্থলেই নিহত হন।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে বেলাব থানায় একটি মামলা হয়েছে।
জেলা প্রশাসকের অনুমতি নিয়ে নিহতদের লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪০৫ ঘ.
bdnews24