কিশোরগঞ্জ, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে বিপুল পরিমাণ সরকারি ওষুধসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের কালীবাড়ি এলাকায় এসএ পরিবহনের কার্যালয় থেকে এক বাক্স ওষুধ এবং নগুয়া বটতলা এলাকার একটি বাসা থেকেও আরও ওষুধ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত ওষুধের আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা বলে পুলিশের ধারণা।
এ ঘটনায় গ্রেপ্তার আনিসুর রহমান এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাবা হারুনুর রশীদ কাজল নগুয়া বটতলা এলাকার একজন ঠিকাদার।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, পরিবার পরিকল্পনা বিভাগ থেকে ওষুধগুলো সরানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
তিনি বলেন, উপ পরিদর্শক মো. সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল এসএ পরিবহনের কার্যালয় থেকে ওষুধ ভর্তি কার্টনটি উদ্ধার করে।
“ওষুধের বাক্সটি চট্টগ্রামের হাজারী লেনে আনোয়ার মেডিক্যাল নামে একটি ফার্মেসিতে পাঠানোর জন্য বুকিং দেওয়া হয়েছিল।”
প্রেরকের ঠিকানা ধরে পুলিশ নগুয়া বটতলা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে আরও সরকারি ওষুধ উদ্ধার এবং আনিসুরকে আটক করা হয় বলে জানা ওসি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনিসুর পুলিশকে জানিয়েছেস, বাবার নির্দেশে ওষুধের কার্টনটি এসএ পরিবহনে বুকিং দেন তিনি। তবে ওষুধের উৎস সম্পর্কে তার কিছু জানা নেই।
এ ঘটনায় থানায় একটি মামলা করেছেন উপ-পরিদর্শক সালাউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৩৬ ঘ.
bdnews24