গাজীপুর, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈরে দিনাজপুর থেকে কমলাপুরগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস বিকল হয়ে ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার জিয়াউদ্দিন সরদার জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের মাটিকাটা রেলক্রসিং এলাকায় একতা এক্সপ্রেসের একটি বগির এক্সেল ভেঙ্গে যায়। এরপর থেকেই ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এর ফলে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস জয়দেবপুর জংশনে এবং খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস মৌচাক স্টেশনে আটকা পড়েছে বলে জানান তিনি।
একতা এক্সপ্রেসের গার্ড সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় দুই হাজার যাত্রী নিয়ে দিনাজপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি সকাল সাড়ে ৮টার দিকে মাটিকাটা রেলক্রসিংয়ের পশ্চিম পাশে পৌঁছানোর পর পাঁচ নম্বর বগির এক্সেল ভেঙে যায়। এতে লাইনের পাতের সঙ্গে বগিটি আটকে যায়।
ট্রেনটি না সরানো পর্যন্ত ওই লাইনে কোনো ট্রেন চলাচল করতে পারবে না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান জয়দেবপুর জংশনের মাস্টার জিয়াউদ্দিন।
তিনি বলেন, “আশপাশের স্টেশনগুলোতে বগি উদ্ধারের ক্রেন না থাকায় কমলাপুরে খবর দেয়া হয়েছে।”
বাংলাদেশ রেলওয়ের সহকারী প্রকৌশলী ওয়াজির আহমদ মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী ট্রেন ঢাকা থেকে রওনা হয়েছে।
দুপুরের পর এ লাইনে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেন এই রেল কর্মকর্তা।
এদিকে ট্রেন বিকল হওয়ায় যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। অনেকেই হেঁটে দুই কিলোমিটার দূরের মৌচাক রেলস্টেশনে যাচ্ছেন। আবার কেউ কেউ মালপত্র নিয়ে রিকশায় বাসস্টেশনে যাওয়ার পথ খুঁজছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/জেকে/১২৫০ ঘ.
bdnews24