পটুয়াখালী, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের জেরে দুই ছাত্রনেতাকে আটক করায় ওসির প্রত্যাহার ও আটককৃতদের মুক্তির দাবিতে পটুয়াখালী পলিটেকনিক ইনিস্টিটিউটে বিক্ষোভ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতে সদর থানার ওসি মনিরুল ইসলামের প্রত্যাহার দাবি করে পলিটেকনিক ইনিস্টিটিউট ছাত্রলীগ কর্মীরা বিক্ষোভ মিছিল করে এবং ভাংচুর ও অগ্নিসংযোগ করে বলে জানায় পুলিশ।
এর আগে দুপুরে পটুয়াখালী শহরে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ঘটনার পর পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান পারভেজ ও পলিটেকনিক ইনিস্টিটিউট ছাত্রলীগের সভাপতি রাকিব খানকে আটক করে পুলিশ।
তাদের আটকের প্রতিবাদে রাতে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষ বাধে বলে জানান সদর থানার এএসআই আব্দুল হাই।
ওসি মনিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ১২টার দিকে পলিটেকনিকে পুলিশ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ প্রায় ১০৬টি রাবার বুলেট ছুড়ে রাত আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
প্রত্যাক্ষদর্শীরা জানান, এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
পরে পুলিশ পলিটেকনিকের ছাত্রাবাসে অভিযান চালিয়ে সন্দেহভাজন অন্তত ১৫ জনকে আটক করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২০৫ ঘ.
bdnews24