গাজীপুর, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের পূবাইলে এক বাড়িতে ডাকাতির পর গণপিটুনিতে সন্দেহভাজন দুই ডাকাতের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে পূবাইলের ডেমোরপাড়া এলাকায় এ ঘটনায় আহত আরো ছয় জনকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
পুলিশ গণপিটুনিতে নিহতদের পরিচয় জানাতে পারেনি। তবে তাদের বয়স আনুমানিক ২৫-২৮ বছর।
পূবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিস্টার আলী জানান, আহতদের মধ্যে রয়েছেন ফারুক (২০), আলামিন (২৮), আক্তার হোসেন (২৯), রনি (২৭) ও মোহাম্মদ আলী ওরফে রিপন শাহ (২৯)।
তিনি বলেন, ভোররাতে ডেমোরপাড়ার প্রবীণ ম-লের বাড়িতে হানা দেয় একদল ডাকাত। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী সন্দেহভাজন ৮ ডাকাতকে গণপিটুনি দেয়। তাদের আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
পরে সন্ধ্যা সাতটায় চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান বলে জানান এসআই।
প্রবীণ ম-ল দাবি করেন, ডাকাতরা তার বাড়ি থেকে ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে।
গাজীপুরের পুলিশ সুপার বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছে, একটি খুনের ও অপরটি ডাকাতির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এইচএ/২৩০৯ ঘ.
bdnews24