চট্টগ্রাম, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙে হতাহতদের ক্ষতিপূরণ দেবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
এই ঘটনায় প্রত্যেক নিহতের পরিবারকে দুই লাখ টাকা, অঙ্গহানি হওয়া প্রত্যেককে এক লাখ টাকা ও আহত প্রত্যেককে ৫০ হাজার টাকা দেয়া হবে।
বৃহস্পতিবার সিডিএ কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় হতাহতদের আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়, যাদের তদারকির অভাবে এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
সভায় দুর্ঘটনার বিষয়ে গঠিত তদন্ত কমিটিগুলোর প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়ার সিদ্ধান্তও হয়।
সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিডিএর বোর্ড সদস্য ও চট্টগ্রাম ওয়াসা চেয়ারম্যান এ কে এম ফজলুল্লাহ, মাহতাব উদ্দিন চৌধুরী, ইউনূস গণি চৌধুরী, মফিজুর রহমান, এ এইচ এম বাহাউদ্দিন খালেদ শাহজী, জহিরুল আলম দোভাষ ও ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হাসান লিটন।
গত ২৪ নভেম্বর রাতে সিডিএর নির্মাণাধীন বহদ্দারহাট ফ্লাইওভারের গার্ডার ভেঙে ১৩ জন নিহত ও ত্রিশজনের মতো আহত হন।
এর আগে দুর্ঘটনার পরপর সিডিএ চেয়ারম্যান ছালাম তার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিহতদের প্রত্যেককে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের প্রত্যেকের চিকিৎসার ব্যয়ভার বহনের ঘোষণা দিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএএইচ/এমআই/২১২৪ ঘ.
bdnews24