২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালে সরকারকে বোঝান: বিকল্পধারা

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে সরকারকে বোঝাতে নির্বাচন কমিশনকে তাগিদ দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 03:03 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে সরকারকে বোঝাতে নির্বাচন কমিশনকে তাগিদ দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। সেইসঙ্গে কমিশনকে সতর্ক করে দিয়ে দলের মহাসচিব আবদুল মান্নান বলেন, “তত্ত্বাবধায়ক ব্যবস্থা আসবেই এবং বর্তমান ইসিকেও বিদায় নিতে হবে।” বৃহস্পতিবার ইসি কার্যালয়ে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপে অংশ নিয়ে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শরিক বিকল্পধারা এ তাগিদ দেয়। এর জবাবে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, “আমরা সম্পূর্ণ নিরপেক্ষ। কাজের মাধ্যমে স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রমাণ দেবো আমরা।” বিকল্পধারার লিখিত প্রস্তাবে বলা হয়েছে, দলটি জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পক্ষে। তবে নির্বাচনের আগ মুহূর্তে সীমানা পুনঃনির্ধারণের বিপক্ষে তারা। নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মনে করে বিকল্পধারা বাংলাদেশ। এ প্রসঙ্গে মহাসচিব মান্নান বলেন, আদালত আরো দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে মত দিয়েছে। বিগত ইসিও বলেছে, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জনগণও চায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা। তাই ‘জনগণের পক্ষে অবস্থান’ নিতে ইসিকে অনুরোধ জানান তিনি। “সরকারকে বোঝান-জনগণ দলীয় সরকারের অধীনে নির্বাচন মেনে নেবে না। এখনো সময় আছে- তা না হলে অনেক রক্ত ঝরবে, প্রাণহানি হবে। এদেশে বিপ্লব আসবে। সাবেক সিইসি বিচারপতি আজিজের কথা মানুষের মনে রয়েছে। এবারো তত্ত্বাবধায়ক সরকার হবে, নতুন ইসি হবে।” বিকল্পধারা মহাসচিব এও জানান, বর্তমান ইসির প্রতি তাদের আস্থা রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার এসে বর্তমান কমিশনকে রেখে দিলে বিকল্পধারার আপত্তি থাকবে না। এ বিষয়ে নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, “অতীতে ইসি যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে- এর বিপরীত কথাও রয়েছে। তবে আমাদের বিষয়ে আপত্তি থাকবে না- এমন বক্তব্যে আমি পুলকিত বোধ করছি।” বিকল্পধারা জানে না সংরক্ষিত আসন কত বিকল্পধারা মহাসচিব লিখিত বক্তব্যে সংরক্ষিত মহিলা আসন ৪৫ থেকে ৪৬-এ উন্নীত করার সুপারিশ করেন। দলের সহ সভাপতি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এম শহিদুর রহমান উল্লেখ করেন যে, এখনো ইসি সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে রয়েছে। সংবিধানের পঞ্চদশ সংশোধন অনুযায়ী, বর্তমানে সংরক্ষিত আসন সংখ্যা ৫০। তত্ত্বাবধায়কের দাবি মুসলিম লীগেরও সকালে নুরুল হক মজুমদারের নেতৃত্বে সংলাপে অংশ নিয়ে মুসলিম লীগ তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের দাবি জানায়। সেইসঙ্গে ২০০৮ সালের নবম সংসদের সীমানা বহাল রাখারও সুপারিশ করে তারা। জামায়াতের নিবন্ধন বাতিল দাবি মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকায় জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনতেই এ দাবি তাদের। সকালে প্রধান নির্বাচন কমিশনারের কাছে সংগঠনের পক্ষে স্মারকলিপি দেন কমান্ডার আলহাজ আমির হোসেন মোল্লা। এর আগে মুক্তিযোদ্ধা সংসদের নেতারা শেরে বাংলানগরস্থ কমিশন কার্যালয়ের বাইরে অবস্থান নেন। পরে কমিশনের মূল ফটকে প্রবেশ করে মিছিল করেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২০৩৯ ঘ.